মাথা গোঁজার ঠাঁই চান দুই মুক্তিযোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নকলা উপজেলার দুই মুক্তিযোদ্ধা কডা শেখ ও কুমেদ চন্দ্র সিংহ দুঃস্থ ও ভূমিহীন অবস্থায় অসহায় দিন যাপন করছেন। ১৯৭১ সালের এই দুই তরুণ যোদ্ধা বর্তমানে বার্ধক্যে এসে মাথা গোঁজার সামান্য ঠাঁই চান।মুক্তিযোদ্ধা কডা শেখ বলেন, মুক্তিযুদ্ধকালে তিনি ভারতের মেঘালয় রাজ্যে প্রশিক্ষণ নিয়ে ১১ নম্বর সেক্টরের কোম্পানি কমান্ডার আশরাফ আলীর নেতৃত্বে লড়াই করেন। সম্মুখযুদ্ধে একদিন বাম হাঁটুর নিচে গুলিবিদ্ধ হন। এর পর থেকে ভারী কোনো কাজ করতে পারেন না। বয়সের ভারে এখন কর্মক্ষমতা হারিয়েছেন।নকলা সদর ইউনিয়নের ধনাকুশা বাজারসংলগ্ন সরকারি রাস্তার পাশে একটি কুঁড়েঘরে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ভূমিহীন বৃদ্ধ কডা শেখের বসবাস। দুই ছেলে হামিদুল ও নজরুল দিনমজুর। একমাত্র মেয়ে নিলুফারের বিয়ে হয়েছে দরিদ্র ঘরে। নানা রোগে আক্রান্ত স্ত্রী হরবলার চিকিৎসা হচ্ছে না অর্থাভাবে। কডা শেখ বলেন, ‘সরকারি রাস্তার পাশে ঘর তুইল্যা থাহি। কহন যে উডাইয়া দেয়, এই ভয় সব সময়। আমগর প্রধানমন্ত্রীর কাছে আবেদন, সরকারি খাসজমিতে আমগরে থাকবার লাইগ্যা এটটু আশ্রয় দিলে জীবনের শেষ দিনগুলা শান্তিতে কাডাবার পামু।’একই উপজেলার ডাকাতিয়াকান্দা গ্রামের এক আত্মীয়ের বাড়িতে পরিবার নিয়ে থাকেন মুক্তিযোদ্ধা কুমেদ চন্দ্র সিংহ। ১১ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেন তিনিও। মেয়ের বিয়ে হয়ে গেছে। স্ত্রী ও ছেলেকে নিয়ে তাঁর সংসার। ছেলে রিপন অন্যের জমিতে কাজ করে। অসুখ ও বয়সের ভারে তিনি কোনো কাজ করতে পারেন না। প্রতি মাসে দুই হাজার টাকা মুক্তিযোদ্ধা ভাতায় কোনোমতে সংসার চলে তাঁর। ভূমিহীন কুমেদ সিংহ বলেন, খাসজমি বরাদ্দের জন্য তিনি ও কডা শেখ ২০০৯ সালে আবেদন করেন। মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারকে অনুরোধও জানান। কিন্তু কোনো কাজ হয়নি। নকলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আনিসুর রহমান ও ধনাকুশা গ্রামের শিক্ষক মো. আখতার হোসেন বলেন, মুক্তিযোদ্ধা কডা শেখ ও কুমেদ চন্দ্র সিংহ অত্যন্ত দুঃস্থ অবস্থায় অন্যের জমিতে মানবেতর জীবন-যাপন করছেন। বাসস্থানের জন্য সরকারি খাসজমি দেওয়া হলে তাঁদের অবদানই স্বীকৃতি পাবে।