প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ দেশে বিরোধী জোট যে ধ্বংসাত্মক সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত হয়েছে, তা যেকোনো শুভবুদ্ধির মানুষের কাছেই নিন্দনীয় বিষয়। সাধারণ মানুষের ওপর আগুন-সন্ত্রাস চালিয়ে দেশে যে ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে তার বিরুদ্ধে লেখক-শিল্পী-সংস্কৃতিকর্মীসহ দেশের সব মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, একুশ মানে মাথা নত না করা। একুশের সে অবিনাশী চেতনায় আগামী দিনের পথচলা সুন্দর ও নিরাপদ করতে, বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধিশালী দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
আজ রোববার দুপুরে প্রধানমন্ত্রী মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিল্পী লিলি ইসলামের নেতৃত্বে সংগীত সংগঠন উত্তরায়ণ-এর শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনা এবং অমর একুশের ঐতিহাসিক সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে স্মরণ করা হয় ভাষা-আন্দোলনের অমর শহীদদের।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উদ্বোধনী স্মারকে স্বাক্ষর করেন। বাক্ ও শ্রবণপ্রতিবন্ধীদের জন্য পুরো অনুষ্ঠানটি ইশারা ভাষায় উপস্থাপন করা হয়।
বাংলা একাডেমি আয়োজিত একাডেমি প্রাঙ্গণে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৪-এর পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশে থাকার কারণে পুরস্কারপ্রাপ্ত মঈনুস সুলতান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মেলা ঘুরে দেখেন বলে বাংলা একাডেমির এক বিবৃতিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘প্রযুক্তির অসামান্য বিকাশের সঙ্গে মুদ্রিত বইয়ের ভবিষ্যৎ নিয়ে অনেকেই আতঙ্কিত। কিন্তু আমরা মনে করি, মানুষের কাছে গ্রন্থের আবেদন কখনই পূরণ হবার নয়। কারণ, একুশে গ্রন্থমেলার পরিসংখ্যানে দেখা যাচ্ছে বইয়ের বিক্রি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।’
বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, অমর একুশে গ্রন্থমেলা বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল কর্মকাণ্ডের মিলনমেলা। জাতীয় সাংস্কৃতিক অগ্রগতির অনন্য স্মারক এই গ্রন্থমেলা। বর্তমান রাজনৈতিক অস্থিরতাতে আতঙ্কিত না হয়ে বইয়ের অনন্ত আলোয় স্নাত হয়ে সব অশুভের মোকাবিলা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
স্বাগত ভাষণে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, অমর একুশে গ্রন্থমেলায় এবার বিশেষ সংযোজন-চার দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। ১৯৭৪ সালে বঙ্গবন্ধু বাংলা একাডেমিতে প্রথম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন উদ্বোধন করেন। চার দশক পর বাংলা একাডেমিতেই বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহিত্য সম্মেলন উদ্বোধন করে নতুন এক মাত্রিকতা যোগ করেছেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস। এ ছাড়া আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের প্রতিনিধিদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য দেন জার্মানির সাহিত্যিক হান্স হার্ডার, ফরাসি লেখক ফ্রাঁস ভট্টাচার্য, বেলজিয়ামের সাহিত্যিক ফাদার দ্যতিয়েন এবং ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, গবেষক ও ভাষাবিদ পবিত্র সরকার। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে শিশুশিল্পী সিদরাতুল মুনতাহা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংস্কৃতিকব্যক্তিত্ব রামেন্দু মজুমদার এবং বাংলা একাডেমির পরিচালক শাহিদা খাতুন।