মাথা না ভিজিয়ে ২৪ ঘণ্টা পানিতে!
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের ফুলদী নদীতে মো. হাফিজ আহাম্মদ ওরফে বুলু নামের এক ব্যক্তি মাথা না ভিজিয়ে ২৪ ঘণ্টা পানিতে ভেসে ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গতকাল বুধবার এ কথা জানিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার বেলা তিনটা ৪৫ মিনিটে নদীতে নামেন হাফিজ আহাম্মদ। নদী থেকে ওঠেন গতকাল বিকেল চারটায়। এ সময় তিনি কখনো সাঁতার কেটেছেন। কখনো ভেসে ছিলেন। পানি থেকে ওঠার পর হাজারো দর্শকের উপস্থিতিতে হাফিজ আহাম্মদের হাতে ক্রেস্ট তুলে দেন ইউএনও মাহবুবা বিলকিস। সূত্র জানায়, হাফিজের পানিতে ভেসে থাকার চ্যালেঞ্জের কথা কয়েক দিন আগে থেকেই গ্রামবাসী মাইকিং করে ও ফেসবুকের মাধ্যমে প্রচার করেন। হাফিজ যখন পানিতে নামেন তখন হাজারো দর্শকের সঙ্গে মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ মৃণাল কান্তি দাস, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
হাফিজ আহাম্মদ দাবি করেন, এটা তাঁর বিশ্ব রেকর্ড। এর আগে কানাডার এক নাগরিক ২৩ ঘণ্টা মাথা না ভিজিয়ে সাঁতার কেটে বিশ্ব রেকর্ড করেন।