নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গতকাল মঙ্গলবার সকালে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত আবু বকরের (৫৫) মাথা ন্যাড়া করে চুনকালি মাখিয়ে তাঁর গলায় জুতার মালা পরিয়ে দেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। মেয়েটির সঙ্গে কথা বলে জানা যায়, সে উপজেলার খলিশাউড় ইউনিয়নের খলিশাউড় বন্দেরপাড়া গ্রামে একজন শিক্ষকের কাছে প্রাইভেট পড়ত। গতকাল সকালে সে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় আবু বকর তার হাত ধরে শ্লীলতাহানির চেষ্টা চালান। তখন তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আবু বকর পালিয়ে যান।এলাকাবাসীর অনেকে জানান, খবর পেয়ে এলাকার বিক্ষুব্ধ লোকজন আবু বকরকে তাঁর বাড়ি থেকে ধরে এনে মারধর করেন। পরে স্থানীয়রা গ্রাম্য সালিসে তাঁর মাথা ন্যাড়া করে চুনকালি দিয়ে গলায় জুতার মালা পরিয়ে গ্রাম ঘুরিয়ে পূর্বধলা থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আবু বকর অভিযোগ অস্বীকার করে কান্নাজড়িত কণ্ঠে জানান, তাঁর কোনো মেয়ে না থাকায় ওই মেয়েটিকে তিনি নিজের মেয়ের মতো আদর করতেন। তাই মেয়েটিকে আদর করে মাথায় হাত বুলিয়ে বিস্কুট কেনার জন্য ১০ টাকা দেন। কিন্তু পরিণামে তাঁকে এই অপবাদ দেওয়া হয়েছে।পূর্বধলা থানার ওসি মোশাররফ হোসেন বলেন, মেয়ের পক্ষ কোনো মামলা না করায় উভয় পক্ষের সমঞ্চতিতে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।