মাথাপিছু আয় এখন ১৬০২ মার্কিন ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ২৪ শতাংশ অর্জিত হওয়ায় গতকাল পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (এনইসি) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল l ছবি: বাসস
চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ২৪ শতাংশ অর্জিত হওয়ায় গতকাল পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (এনইসি) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল l ছবি: বাসস

চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ২৪ শতাংশ হবে। এটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব। প্রবৃদ্ধির এই হার গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। পরপর দুই অর্থবছরে প্রবৃদ্ধি ৭ শতাংশের ওপরেই রইল। গত অর্থবছরেও ৭ দশমিক ১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।


গতকাল রোববার বিবিএস আনুষ্ঠানিকভাবে চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির সাময়িক হিসাব প্রকাশ করেছে। বিবিএসের হিসাবে, চলতি অর্থবছরে মাথাপিছু বার্ষিক আয় ১ হাজার ৬০২ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। টাকার অঙ্কে এর পরিমাণ ১ লাখ ২৫ হাজার ৯৯৯ টাকা।
এর আগে অবশ্য সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বৈঠকে অংশ নেওয়া মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ের হিসাব জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


চলতি অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, সাময়িক হিসাবে তা ছাড়িয়ে গেল। তবে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যথাক্রমে ৬ দশমিক ৮ শতাংশ ও ৬ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে পূর্বাভাস দিয়েছে।
গতকাল বিকেলে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেছেন, ‘সবাই বলেছে, প্রবৃদ্ধিতে আমরা ৬ অঙ্কের শিকলে আটকে গেছি। কিন্তু সবার প্রচেষ্টায় পরপর দুই বছর ৭ অঙ্কের বেশি প্রবৃদ্ধি হলো। এটি অসাধারণ সফলতা। এ বছর ভারত ছাড়া আর কোনো দেশ ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করতে পারেনি।’


হাওর অঞ্চলে বিপর্যয়ের মধ্যেও কীভাবে এত প্রবৃদ্ধি হলো এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, হাওর এলাকায় ধানের ক্ষতি আমলে নিয়েই প্রবৃদ্ধির সাময়িক হিসাব করা হয়েছে। এবার ৬ লাখ টন কম চাল উৎপাদন হবে। দেশে যথেষ্ট খাদ্য নিরাপত্তা আছে। বিদেশ থেকে চাল আমদানি করতে হয়নি।


তবে প্রবৃদ্ধির হিসাবটি সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেন, রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। আবার রপ্তানি প্রবৃদ্ধিও কমে গেছে। এসব সূচকে যে হিসাব পাওয়া যাচ্ছে, তাতে মনে হচ্ছে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হচ্ছে। কোনো ভিত্তি নেই।


কৃষি ও সেবা খাতে প্রবৃদ্ধির হার বাড়লেও শিল্প খাতে তা ধরে রাখা যায়নি। মূলত শিল্প খাতে বিনিয়োগ তুলনামূলক কম হলেই এ খাতের প্রবৃদ্ধি কমে যায়। বিবিএসের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে কৃষি খাতে ৩ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হবে। গত বছর ছিল ২ দশমিক ৭৯ শতাংশ। অন্যদিকে সেবা খাতে প্রবৃদ্ধি ৬ দশমিক ২৫ থেকে সাড়ে ৬ শতাংশ হয়েছে। এ ছাড়া শিল্প খাতে প্রবৃদ্ধি ১১ দশমিক ০৯ শতাংশ থেকে কমে সাড়ে ১০ শতাংশ হয়েছে।


পরিসংখ্যান বলছে, মূলত সরকারি বিনিয়োগের ওপরই ভরসা করে এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বিবিএসের হিসাবে, মোট বিনিয়োগের পরিমাণ জিডিপির ৩০ দশমিক ২৭ শতাংশের সমান। চলতি মূল্যে এর পরিমাণ ৫ লাখ ৯২ হাজার ৭৪ কোটি টাকা। এর মধ্যে সরকারি বিনিয়োগের অনুপাত জিডিপির ৬ দশমিক ৬৬ শতাংশ থেকে ৭ দশমিক ২৬ শতাংশ হয়েছে। অন্যদিকে বেসরকারি বিনিয়োগের অনুপাত ২৩ দশমিক ০১ শতাংশ হয়েছে, যা গতবার ছিল ২২ দশমিক ৯৯ শতাংশ। টাকার অঙ্কে বেসরকারি বিনিয়োগের পরিমাণ সাড়ে ৪ লাখ কোটি টাকার মতো।
বিনিয়োগের হিসাবটি নিয়েও প্রশ্ন তুলেছেন এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেন, ক্রমবর্ধমান মূলধন-উৎপাদন অনুপাত (আইসিওআর) বাংলাদেশে এখনো সাড়ে ৪ শতাংশের নিচে নয়। তাহলে ৭ দশমিক ২৪ শতাংশ প্রবৃদ্ধির জন্য বিনিয়োগ হওয়া উচিত জিডিপির সাড়ে ৩২ শতাংশের বেশি। বাস্তবে তা হয়নি। বেসরকারি বিনিয়োগেও মন্দা অবস্থা চলছে।


বেসরকারি বিনিয়োগের দুর্বলতার কথা পরিকল্পনামন্ত্রী নিজেও স্বীকার করেছেন। জিডিপিতে বেসরকারি বিনিয়োগের অনুপাত বাড়ছে না, তবু এত প্রবৃদ্ধি কীভাবে হলো এমন প্রশ্নের উত্তরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বেসরকারি বিনিয়োগ তখনই আসবে, যখন উদ্যোক্তারা বুঝবেন যে এখানে বিনিয়োগ করলে বেশি মুনাফা হয়। কিন্তু বেসরকারি বিনিয়োগের জন্য পর্যাপ্ত অবকাঠামো দিতে পারছি না। বিদ্যুতের ঘাটতি আছে। উদ্যোক্তারা চাইলেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দিতে পারছি না।’ তবে আগামী এক বছরের মধ্যে বিদ্যুৎ ঘাটতি পূরণ হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।