মাথাভাঙ্গা নদী থেকে অবৈধ বেড়া অপসারণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাথাভাঙ্গা বাঁচাও, চুয়াডাঙ্গা বাঁচাও’ স্লোগান সামনে রেখে চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে অবৈধ বাঁশ ও গাছের বেড়া অপসারণের কাজ শুরু হয়েছে। জাতীয় সংসদের হুইপ সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার প্রধান অতিথি হিসেবে গতকাল রোববার অপসারণকাজের উদ্বোধন করেন।
অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা সদর উপজেলার সীমানায় এ কাজ শুরু হয়েছে। সদর উপজেলার আলোকদিয়া, শংকরচন্দ্র, পদ্মবিলা ও মোমিনপুর ইউনিয়নের ১৯০ জন শ্রমিক এতে অংশ নিচ্ছেন। গতকাল সকালে সদর উপজেলার ভীমরুল্লা, পীরপুর, দৌলতদিয়া, কোদারগঞ্জ এলাকায় নদী থেকে অবৈধ বেড়া অপসারণ করা হয়।
এ উপলক্ষে পৌর এলাকার ভীমরুল্লায় মাথাভাঙ্গা নদীর তীরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন।
প্রধান অতিথি বলেন, নদী থেকে অবৈধ বেড়া অপসারণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। এরপরও কেউ বেড়া (কোমর) দেওয়ার চেষ্টা করলে তাঁকে আইনের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে অন্যান্য উপজেলায় একই ধরনের অভিযান চালানো হবে।