মাথাভাঙ্গার গলার কাঁটা ১১ সাঁকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীর ১১টি স্থানে খেয়াঘাটের জন্য ইজারা নিয়ে অবৈধভাবে বাঁশের সাঁকো দিয়েছেন ইজারাদারেরা। সাঁকোর খুঁটিতে জাল বেঁধে মাছও ধরছেন তাঁরা।

এ ছাড়া নদীর হাজারো স্থানে রয়েছে কোমরবাঁধ ও জংলা। এসব প্রতিবন্ধক নদীটির জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় নাব্য হারিয়েছে জেলার প্রধান এ নদী।

জানতে চাইলে জেলা প্রশাসক সায়মা ইউনুস প্রথম আলোকে বলেন, মাথাভাঙ্গা নদীকে বাঁচাতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। অবৈধ বাঁধ সরিয়ে নিতে তা তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রথমে সময় বেঁধে দেওয়া হবে। এতে কাজ না হলে প্রশাসন নিজেই সরিয়ে ফেলার উদ্যোগ নেবে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে।

মাথাভাঙ্গা বাংলাদেশ-ভারত আন্তসীমান্ত নদী। পদ্মার অন্যতম প্রধান এ শাখা নদীর উৎপত্তি ভারতের মুর্শিদাবাদ জেলায় জলাঙ্গি নদীর ১৭ কিলোমিটার ভাটিতে। নদীটি কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। ১৩৫ কিলোমিটার দীর্ঘ এ নদীর ৭২ দশমিক ৬৪০ কিলোমিটারই পড়েছে চুয়াডাঙ্গায়। আলমডাঙ্গা উপজেলার হাট বোয়ালিয়া হয়ে নদীটি এ জেলায় প্রবেশ করে দামুড়হুদা উপজেলার দর্শনা-জয়নগর হয়ে আবার ভারতে চলে গেছে।

৫ থেকে ৯ মার্চ পর্যন্ত নৌকায় চড়ে, নদীর পাড় ও নদী-সংলগ্ন রাস্তা দিয়ে ২০ কিলোমিটার ঘুরে মাথাভাঙ্গা নদীর ভয়াবহ চিত্র চোখে পড়ে। নদীর অন্তত ১১টি স্থানে বাঁশের সাঁকোসহ আড়াআড়ি বাঁধ এবং হাজারো কোমরবাঁধ (মাছ শিকারের জন্য গাছের ডাল ও কাটা বাঁশ পুঁতে নির্দিষ্ট এলাকা ঘিরে রাখা) ও জংলা (খুঁটির সঙ্গে জাল পাতা) রয়েছে।

৫ মার্চ সদর উপজেলার আলোকদিয়া থেকে হাতিকাটা পর্যন্ত নৌকায় পরিদর্শনের সময় অসংখ্য কোমরবাঁধ ও জংলা চোখে পড়ে। এ অংশের হাতিকাটা-তালতলা ও হাজরাহাটি-শিয়ালমারী পয়েন্টে খেয়াঘাটে সাঁকো তৈরির নামে আড়াআড়ি বাঁধ দেওয়া হয়েছে। বাঁধের সঙ্গে ছোট ছোট ফাঁসের জাল পাতা রয়েছে।

হাতিকাটা-তালতলা পয়েন্টে সাঁকো নির্মাণ করেছেন স্থানীয় বাসিন্দা সুবাস কুমার। তিনি বলেন, তিনি জেলা পরিষদ থেকে খেয়াঘাট ইজারা নিয়েছেন। শুষ্ক মৌসুমে পানির গভীরতা কমে যাওয়ায় নৌকা চলে না। তাই তিনি সাঁকো তৈরি করেছেন। সাঁকোর নিচে জাল পাতার বিষয়টি জানতে চাইলে তিনি তা এড়িয়ে যান।

চুয়াডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাশেদুল হাসান বলেন, তাঁর ওয়ার্ডের মধ্যে তালতলা ও হাজরাহাটি গ্রাম পড়েছে। এ দুই গ্রামের বিপরীতে নদীর ওপারে রয়েছে আলমডাঙ্গার শিয়ালমারী এবং সদর উপজেলার আকন্দবাড়িয়া, আলোকদিয়া ও হাতিকাটা গ্রাম। এসব এলাকায় মাথাভাঙ্গার বুকে সাঁকোর নামে দুটি আড়াআড়ি বাঁধের পাশাপাশি শতাধিক স্থানে কোমরবাঁধ রয়েছে। বাঁধ তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিরা রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করেন। ফলে অভিযোগ দিয়েও কোনো লাভ হয় না।

একইভাবে নদীর আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া, লক্ষ্মীপুর, পারকৃষ্ণপুর, পুলতাডাঙ্গা, বাঁশবাড়িয়া, অনুপনগর, চুয়াডাঙ্গা সদরের হাটকালুগঞ্জ, দামুড়হুদার জিরাট, সুলতানপুর এলাকায় খেয়াঘাটের ইজারাদারেরা সাঁকোর নামে মাথাভাঙ্গায় আড়াআড়ি বাঁধ দিয়েছেন। আর নদীর অগুনতি জায়গায় কোমরবাঁধ জংলা দিয়ে অবাধে মাছ শিকার চলছে।

জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান গত শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘মাথাভাঙ্গা নদীকে জঞ্জালমুক্ত করার জন্য প্রয়োজনীয় তহবিল আমাদের নেই। তবে নদী রক্ষা কমিটির সর্বশেষ সভায় বিষয়টি তুলে ধরা হয়েছিল। যত দূর জানি, উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ এলাকায় নদী থেকে অবৈধ বাঁধ অপসারণে ৪০ দিনের একটি প্রকল্প হাতে নিয়েছেন। শিগগির তা বাস্তবায়ন শুরু হবে।’

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সর্বশেষ জরিপ অনুযায়ী, চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীর গড় প্রশস্ততা ৯৫ মিটার। বর্ষা মৌসুমে পানির গড় গভীরতা থাকে ৯ দশমিক ৫০ মিটার। কিন্তু শুষ্ক মৌসুমে তা ১ দশমিক ২৫ মিটারে নেমে আসে। তখন নদীর অনেক স্থান শুকিয়ে কাঠ হয়ে যায়। ফলে নদীতে নৌ-চলাচলের কোনো অবস্থা থাকে না।

পাউবোর চুয়াডাঙ্গা কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. আনোয়ার আলী বলেন, মাথাভাঙ্গা নদীতে প্রবাহ ফিরিয়ে আনার বিষয়ে চিন্তাভাবনা চলছে। সে লক্ষ্যে সম্প্রতি একটি সমীক্ষা করা হয়েছে।

চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মাথাভাঙ্গাকে বাঁচাতে হবে। এ নদী না বাঁচলে আমরা কেউই বাঁচব না। চুয়াডাঙ্গা ও আশপাশের এলাকা মরুভূমি হয়ে যাবে।’