মাথাভাঙ্গার পাড় কেটে ভরাট করে ধান চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নিমতলা গ্রামে মাথাভাঙ্গা নদীর পাড় কেটে ধানচাষ করা হচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নিমতলা গ্রামে মাথাভাঙ্গা নদীর পাড় কেটে ধানচাষ করা হচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

চুয়াডাঙ্গার প্রধান নদী মাথাভাঙ্গা। আলমডাঙ্গা উপজেলার বারাদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের সেতুর ওপর দাঁড়ালে নদীটির স্বচ্ছ পানি দেখা যায়। কিন্তু সেতু থেকে ৬০০-৭০০ মিটার দক্ষিণে নদীটি ভরাটের শিকার হয়েছে শীর্ণ হয়ে গেছে।

নতিডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের অদূরে নদীর পশ্চিম তীরে গাংনী ইউনিয়নের নিমতলা গ্রাম। সেখানে পাড় কেটে নদী ভরাটের চিত্র দেখা গেছে। ১০০ মিটার চওড়া নদীটি এখানে প্রায় খালে পরিণত হয়েছে। এখানে নদীটির প্রস্থ প্রায় ৪-৫ মিটার হবে।

আলমডাঙ্গার নতিডাঙ্গা সেতুর পাশে মাথাভাঙ্গা নদীর টলমলে পানি। এ অংশে পাড় ভরাট হয়নি l প্রথম আলো
আলমডাঙ্গার নতিডাঙ্গা সেতুর পাশে মাথাভাঙ্গা নদীর টলমলে পানি। এ অংশে পাড় ভরাট হয়নি l প্রথম আলো

নদীর পূর্ব পারে বারাদী ইউনিয়নের নতিডাঙ্গা ও পশ্চিম পারে গাংনী ইউনিয়নের নিমতলা গ্রাম অবস্থিত। কয়েকজন গ্রামবাসী প্রথম আলোকে বলেন, নিমতলা গ্রামের মোজাম্মেল হক, মানিক হোসেনসহ কয়েকজন কৃষক বছরের পর বছর ধরে নদী ভরাট করে ধান চাষ করে আসছেন।
তবে বাড়িতে গিয়ে মোজাম্মেল হক ও মানিক হোসেনকে পাওয়া যায়নি। নদী ভরাটের বিষয়ে তাঁদের পরিবারের সদস্যরাও কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
নতিডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. কালু মিয়া বলেন, গ্রাম দুটির (নতিডাঙ্গা ও নিমতলা) বাসিন্দারা তাঁদের জমি-সংলগ্ন নদীর পাড়কেও নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করেন। এ কারণে নদীর গতিপথ বন্ধ করে চাষাবাদ করেন। ইচ্ছেমতো ব্যবহার করেন। এ বছরও অনেকেই ধানের বীজতলা তৈরি করেছেন নদীতে। আবার অনেকে ধান চাষও শুরু করেছেন। কিন্তু জনপ্রতিনিধি বা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাউকে কখনো বাধা দিতে দেখা যায়নি।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাহিত্যিক মকবুলার রহমান বলেন, ‘একসময় এ নদী প্রচণ্ড খরস্রোতা ছিল। এর পানি টলমলে স্বচ্ছ। এখন সেই স্রোত আর নেই। তবে পানি দেখলে এখনো চোখ জুড়ায়। আবার খারাপ লাগে যখন দেখি নদীটি ধীরে ধীরে মরে যাচ্ছে। এই দিকে কারোরই তেমন খেয়াল নেই। এই নদী রক্ষা না হলে সামনে বড় বিপর্যয় অপেক্ষা করছে।’

বারাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ বলেন, এ কথা ঠিক যে নদীর অংশবিশেষ ভরাট করে ধান চাষ করা হয়। তা প্রতিরোধে এ পর্যন্ত তিনি কোনো উদ্যোগও নেননি। নদী ভরাট করে স্বাভাবিক গতিপথে বাধা দেওয়া যে অপরাধ, তা-ও তিনি জানতেন না।

 গাংনী ইউপির চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, সরেজমিনে দেখে প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 পাউবো চুয়াডাঙ্গা কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি আগে কেউ আমাকে জানায়নি। পাউবোর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ অধিদপ্তর খুলনা কার্যালয়ের পরিচালক মল্লিক আনোয়ার হোসেন বলেন, পরিবেশ ধ্বংসযজ্ঞে যাঁরা নেমেছেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য পরিবেশ অধিদপ্তরের একটি প্রতিনিধিদলকে শিগগিরই ঘটনাস্থলে পাঠানো হবে।