মাথাভারী প্রশাসনে এবার বঞ্চিতদের পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনে পদের চেয়ে কর্মকর্তার সংখ্যা প্রায় দ্বিগুণ। এখন নতুন করে আরও ৫০০ ‘বঞ্চিত’ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া চলছে। এর ফলে জনপ্রশাসনের ওপরের স্তরে কর্মকর্তার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। আবার নিচের স্তরে প্রয়োজনের তুলনায় কর্মকর্তার সংখ্যা বেশ কম। ফলে ভারসাম্যহীন হয়ে পড়ছে জনপ্রশাসন।
জনপ্রশাসনে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদে এখন কর্মকর্তার সংখ্যা ২ হাজার ৫৭৩ জন। এই তিন স্তরে পদ আছে ১ হাজার ৩৬৭টি। অর্থাৎ এখনই পদের চেয়ে বেশি আছেন ১ হাজার ২০৬ জন। জনপ্রশাসন মন্ত্রণালয় এখন এই তিন পদে আরও প্রায় ৫০০ কর্মকর্তাকে পদোন্নতি দিতে যাচ্ছে। এর ফলে পদ না থাকলেও পদোন্নতি পেয়ে আগের দায়িত্বে থাকবেন ১ হাজার ৬৫৬ জন কর্মকর্তা।
এ বিষয়ে জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেন, বঞ্চিতদের অবশ্যই পদোন্নতি দিতে হবে, এটা তাঁদের অধিকার। কিন্তু প্রশাসনে এখন যে জগাখিচুড়ি অবস্থার সৃষ্টি হয়েছে, তাতে পদ শূন্য না করে আর নতুন পদোন্নতি দেওয়া ঠিক হবে না।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী মনে করেন, ভেবেচিন্তেই নতুন পদোন্নতি দেওয়া হচ্ছে। এর ফলে কোনো সংকট সৃষ্টি হবে না বলে তিনি প্রথম আলোকে জানান।
এদিকে চলতি বছর ২৪ জন সচিব অবসরে যাবেন। এর আগে কখনো এত বেশি সংখ্যক সচিব একসঙ্গে অবসরে যাননি। এঁদের বেশির ভাগই ১৯৮২ বিসিএসের ব্যাচের কর্মকর্তা, চাকরিতে যোগ দিয়েছিলেন ১৯৮৩ সালে। এঁদের মধ্যে কারা চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন আর কারা পাবেন না, তা নিয়ে ইতিমধ্যে নানা জল্পনা শুরু হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, পদ না থাকলেও পদোন্নতি এবং জ্যেষ্ঠদের পেছনে ফেলে পদোন্নতি দেওয়ায় জনপ্রশাসনে ক্ষোভের পাহাড় জমেছে। এই ক্ষোভ মেটাতে গিয়ে আবার পদোন্নতি দেওয়ার উদ্যোগে নতুন সংকট সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে যাঁদের পদোন্নতি দেওয়া হয়েছে, তাঁদের বেশির ভাগকে পদ অনুযায়ী কাজ দেওয়া যায়নি। যে মন্ত্রণালয়ে একজন বা দুজন অতিরিক্ত সচিব দায়িত্ব পালন করার কথা, সেখানে পাঁচ থেকে সাতজন অতিরিক্ত সচিব কাজ করছেন। অন্যান্য পদের ক্ষেত্রেও একই অবস্থা।
দৃষ্টান্ত হিসেবে জনপ্রশাসনের কয়েকজন কর্মকর্তা বলেছেন, ২০০৯ সালে প্রশাসনে অতিরিক্ত সচিব ছিলেন ১৬৬ জন, বর্তমানে ওই পদে কর্মরত আছেন ৩৮৩ জন। এখন আবার পদোন্নতি দেওয়া হলে তা হবে প্রায় ৫০০। একইভাবে যুগ্ম সচিব পদে ২০০৯ সালের নভেম্বরে কর্মরত ছিলেন ৩৯৭ জন, এখন কর্মরত আছেন ৮৯০। আবার পদোন্নতি দেওয়া হলে তা হবে প্রায় ১ হাজার ৫০ জন।
জনপ্রশাসনের সূত্রমতে, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়ার জন্য এ-সংক্রান্ত সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) কয়েক দফা সভা ইতিমধ্যে শেষ হয়েছে। এই দুটি পদে কেবল ‘বঞ্চিত’ কর্মকর্তারাই পদোন্নতি পাবেন। যুগ্ম সচিব পদে প্রায় ১৫০ এবং অতিরিক্ত সচিব পদে প্রায় ১০০ ‘বঞ্চিত’ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া চলছে।
তবে কোটা সংরক্ষণের কারণে উপসচিব পদে পদোন্নতির বিষয়টি কিছুটা আইনি জটিলতার মুখে পড়েছে। কেবল এই পদে পদোন্নতির ক্ষেত্রে ‘বঞ্চিতদের’ পাশাপাশি নিয়মিতদের বিষয়টি আমলে নেওয়া হচ্ছে। সে ক্ষেত্রে প্রশাসনের ২১ ব্যাচকে নিয়মিত পদোন্নতির জন্য বিবেচনা করা হতে পারে। ওই ব্যাচে ১৬৫ জন কর্মকর্তার মধ্যে ১২৫ জন পদোন্নতি পেতে পারেন। আর ‘বঞ্চিতদের’ মধ্যে ১০০ কর্মকর্তা উপসচিব হতে পারেন।
গতকাল রোববার পর্যন্ত জনপ্রশাসনে মোট কর্মকর্তার সংখ্যা ৫ হাজার ৪৩৮। গত সাত বছরে কয়েক দফায় প্রায় আড়াই হাজার কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ের কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পর্যাপ্ত পদ না থাকা সত্ত্বেও ঢালাওভাবে পদোন্নতি দেওয়ার কারণে জনপ্রশাসনে উপসচিব থেকে ওপরের স্তরের পদগুলোতে মাত্রাতিরিক্ত কর্মকর্তা হয়ে গেছেন। ২০১২ সালের পর থেকে পদোন্নতি পেয়েও আগের পদে কাজ করে যাচ্ছেন বেশির ভাগ কর্মকর্তা। প্রায় সব মন্ত্রণালয়ে এ ধরনের সমস্যা রয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, প্রশাসনের নিচের স্তরে প্রয়োজনীয় কর্মকর্তার ঘাটতি আছে। বর্তমানে জ্যেষ্ঠ সহকারী সচিব আছেন ১ হাজার ৩৯০ জন। কিন্তু পদ আছে প্রায় ২ হাজার। সহকারী সচিব (মাঠপর্যায়ে সহকারী কমিশনার) আছেন ১ হাজার ৪০১ জন। এই পদে দরকার আরও পাঁচ শতাধিক কর্মকর্তা।
প্রশাসনে খোঁজ নিয়ে জানা যায়, জনপ্রশাসনে এখন সরকারবিরোধী মতের কর্মকর্তা খুব একটা নেই। সরকারি দলের সমর্থকেরাই প্রশাসনে নেতৃত্ব দিচ্ছেন, গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। সরকারবিরোধী মতের কিছুসংখ্যক কর্মকর্তা থাকলেও তাঁরা কোণঠাসা, ওএসডি বা কম গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছেন। যদিও সাম্প্রতিক সময়ে ওএসডির সংখ্যা অনেকটাই কমিয়ে এনেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসনে অভিজ্ঞ ব্যক্তিরা বলছেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১৮টি কমিশন বা কমিটি গঠন করে সংস্কারের নানাবিধ উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি কখনো। বরং অপরিকল্পিত কয়েকটি বিসিএস ব্যাচের কারণে প্রশাসনের ভারসাম্য নষ্ট হয়েছে। এতে মাথাভারী হয়ে পড়েছে জনপ্রশাসন। ফলে অবস্থা এমন হয়ে গেছে যে প্রশাসনের কর্মকর্তাদের অনেকেই পদোন্নতি ও ভালো পদ পেতে এখন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন এম আমিনুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রশাসনের এই জটিলতা ও গোঁজামিল অবস্থা দূর করাটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। এ নিয়ে বিদ্যমান সংকট থেকে উত্তরণের উপায় হচ্ছে নিয়োগ ও পদোন্নতির মৌলিক নীতিমালায় ফিরে যাওয়া। তবে এটা কতটা সম্ভব তা প্রশ্নবিদ্ধ। কারণ, কর্মকর্তাদের প্রত্যাশা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। একই ব্যাচের একজন যখন পদোন্নতি পান, আরেকজন তখন নিজেকে বঞ্চিত ভাবেন।
সরকারি কর্মকমিশন (পিএসসি) সূত্র জানায়, গত কয়েকটি বিসিএস পরীক্ষা নিয়মিত হলেও ৩৪তম বিসিএস পরীক্ষার নিয়োগ উচ্চ আদালতের নির্দেশে স্থগিত আছে। গতকাল থেকে ৩৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। ৩৪-এর সমাধান না হলে ৩৫-এর নিয়োগও আটকে যাবে। তবে পিএসসি সূত্র জানায়, মামলাটি নিষ্পত্তি করার চেষ্টা করা হচ্ছে।
সচিবালয়ের পরিস্থিতি: জনপ্রশাসনের ওপরের স্তরে কর্মকর্তার সংখ্যা বেশি হওয়ায় সচিবালয়ের বেশির ভাগ কক্ষে রয়েছে গাদাগাদি অবস্থা। বিশেষ করে যুগ্ম সচিব, উপসচিব ও সহকারী সচিবদের অনেকে আলাদা চেয়ার-টেবিল পেলেও একই কক্ষে বসতে বাধ্য হচ্ছেন। কক্ষ ভাগাভাগির ক্ষেত্রে কর্মকর্তার পছন্দের মূল্য সচরাচর থাকে না। যে কারণে অপরিচিত, জ্যেষ্ঠ বা কনিষ্ঠ অথবা ভিন্ন ক্যাডারের কর্মকর্তাকে একই কক্ষে দেওয়া হলে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ ছাড়া বাথরুম, কক্ষ পরিচ্ছন্ন রাখা, ফাইল রক্ষণাবেক্ষণ করাসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মকর্তারা বিড়ম্বনায় পড়েন।
আবার একই পদে একাধিক কর্মকর্তা থাকায় কাজের ভাগাভাগি নিয়েও সমস্যা হচ্ছে। অনুবিভাগ, অধিশাখা ও শাখা খুলে কাজ ভাগাভাগি করে দেওয়া হচ্ছে।
অন্যদিকে নিচের পদে কর্মকর্তা কম থাকায় মাঠ প্রশাসনে কাজকর্মে সমস্যা হচ্ছে। বিশেষ করে সহকারী কমিশনার কম থাকায় অনেক উপজেলায় নির্বাহী কর্মকর্তাকে ওই পদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়।
সালাহউদ্দিন এম আমিনুজ্জামান বলেন, ‘আমাদের প্রশাসন পিরামিড পদ্ধতিতে চলার কথা। কিন্তু এখন তা উল্টো পিরামিড হয়েছে।’ তিনি বলেন, মেধার চেয়ে এখন অন্যান্য পরিচয় বেশি দেখার অভিযোগ আছে। এমন অনেক দৃষ্টান্ত আছে যে, ভিন্নমতের মন্ত্রী বা সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করায় পদোন্নতিই আর জুটছে না। আবার পদোন্নতি হলেও পদের অবনমন হচ্ছে, একই কাজ একাধিক কর্মকর্তা ভাগাভাগি করে করছেন অথবা পদোন্নতি পেলেও আগের পদের কাজই করছেন। তাঁর মতে, প্রশাসনের জন্য এসব বিষয় মোটেও সুখকর নয়।