মাথায় আঘাত পেয়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডিতে গতকাল শনিবার সকালে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মাথায় আঘাত পেয়ে চান মিয়া (৩৫) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। এ ছাড়া গতকাল রাজধানীর সবুজবাগের উত্তর মাদারটেক থেকে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ধানমন্ডি থানার এসআই নূরুল ইসলাম বলেন, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ধানমন্ডির ১০ নম্বর সড়কের একটি বাড়ির সাততলায় কাজ করছিলেন চান মিয়া। হঠাৎ তিনি পা পিছলে লিফটের জন্য তৈরি ফাঁকা জায়গায় পড়ে মাথায় আঘাত পান। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। চান মিয়ার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে।
গতকাল বেলা একটার দিকে রাজধানীর সবুজবাগের উত্তর মাদারটেক এলাকার এক বাসা থেকে রিজভী রহমান (১৭) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রিজভী সবুজবাগের জোড়াপুকুর এলাকার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।
খিলগাঁও থানার এসআই সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, কয়েক মাস আগে রিজভী একটি পাঁচতলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। সে মাদকাসক্ত ছিল। সম্ভবত মাদকের টাকা জোগাড় করতে না পেরে সে হতাশায় আত্মহত্যা করেছে।