মাথার ওপর ছাতা ধরে চলে শ্রেণীকক্ষে পাঠ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে। এর মধ্যে ১৪টি বিদ্যালয়ের ভবন একেবারেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় সরকারি ৫৭টি এবং নিবন্ধিত ৭৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ১৪টি বিদ্যালয় ভবন পাঠদানের জন্য একেবারেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে তিন হাজার শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হচ্ছে। কোনো কোনো বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে। আবার কোনো কোনো বিদ্যালয়ের দেয়াল, দরজা ও জানালা ভেঙে গেছে। অন্তত ১০টি বিদ্যালয়ের পাকা মেঝে ধসে গেছে। সব মিলিয়ে ৩০টি বিদ্যালয়ের ভবন জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, পাতারি তিওর জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপীনাথ নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লামাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নষ্ট হয়ে গেছে। যেকোনো সময় ধসে পড়তে পারে।বড়দল পুরানহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারটি কক্ষের টিনের চাল জালের মতো ছিদ্র হয়ে আছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহামঞ্চদ আলী মর্তুজা খান জানান, দুই বছর ধরে শিক্ষার্থী ও শিক্ষকেরা বৃষ্টির দিনে এসব কক্ষে পাঠদানের সময় ছাতা ব্যবহার করছেন। রতনশ্রী পূর্বপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের তিনটি শ্রেণীকক্ষের দুটির মেঝে থেকে মাটি সরে গেছে। এই কক্ষগুলো ব্যবহার করা যাচ্ছে না। ক্লাস হচ্ছে একটিমাত্র কক্ষে। রতনশ্রী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের তিনটি শ্রেণীকক্ষের একটির মাটি সরে গেছে। সবগুলো কক্ষের টিনের চাল জালের মতো ছিদ্র। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলন চক্রবর্তী জানান, বৃষ্টি হলে শিক্ষক-শিক্ষার্থীরা পাশের বাড়িতে আশ্রয় নেন। পাতারি তিওর জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল হামিদ বলেন, ‘আমরা বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না। বিদ্যালয়টি যেকোনো সময় ধসে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে।’তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক বলেন, জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনগুলোর অবকাঠামোগত সমস্যা নিরসনে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে। তাহিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহরাব খান বলেন, জরাজীর্ণ বিদ্যালয় ভবনগুলো পরিদর্শন করে সমস্যা নিরসনে নতুন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।