মাথার ওপর প্রচণ্ড রোদ, নিচে হাঁটুপানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টি নেই, তবু চারপাশে পানি। পূর্ণিমার জোয়ারে ডুবে গেছে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার বিভিন্ন সড়ক। এ কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। ছবিটি গতকাল বেলা আড়াইটায় তুলেছেন জুয়েল শীল
বৃষ্টি নেই, তবু চারপাশে পানি। পূর্ণিমার জোয়ারে ডুবে গেছে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার বিভিন্ন সড়ক। এ কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। ছবিটি গতকাল বেলা আড়াইটায় তুলেছেন জুয়েল শীল

প্রচণ্ড রোদ, বৃষ্টি হয় না অনেক দিন। কিন্তু রাস্তাঘাট পানিতে ডুবে সয়লাব। প্রকৃতির এই অদ্ভুত আচরণের শিকার চট্টগ্রামের আগ্রাবাদ, বাকলিয়া, খাতুনগঞ্জ, চাক্তাইসহ শহরের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা। এসব এলাকার প্রায় ১০ লাখ মানুষ বছরের বেশির ভাগ সময় থাকছে পানিবন্দী।
খোঁজ নিয়ে জানা গেছে, কর্ণফুলী নদীর সঙ্গে যুক্ত মহেশ খাল, চাক্তাই খাল ও রাজাখালী খালের আশপাশে এলাকাগুলোর অবস্থান। দখলের কারণে সংকুচিত হয়েছে খালগুলোর প্রশস্ততা। আর নিয়মিত সংস্কার ও খননের অভাবে কমেছে গভীরতা। নগরের পানি নিষ্কাশনব্যবস্থাও ভালো নয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী বলেন, ‘পূর্ণিমা ও অমাবস্যায় সমুদ্রে সৃষ্ট জোয়ারের পানি নদী-খাল বেয়ে নগরে ঢোকে। কিন্তু যে গতিতে পানি ঢোকে, বিভিন্ন কারণে সে গতিতে নামার সুযোগ পাচ্ছে না।’
কোন পদ্ধতিতে এই জলাবদ্ধতার সমাধান হবে, কয়েক বছর ধরে সেই বিতর্কে আটকে আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো। এমনকি সমস্যা সমাধানের মূল দায়িত্ব কার—এই প্রশ্নে এক সংস্থা দেখিয়ে দিচ্ছে আরেক সংস্থাকে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর মধ্যে দায় এড়ানোর এই প্রবণতার মধ্যেই প্রতি পূর্ণিমা-অমাবস্যায় পানির নিচে তলিয়ে যাচ্ছে শহরের বিস্তীর্ণ এলাকা। কোনো কোনো এলাকায় একবার পানি উঠলে ৮-১০ দিনেও নামছে না। গতকাল সোমবার দুপুরে আগ্রাবাদ এলাকায় গিয়ে দেখা গেছে, সেখানকার বিভিন্ন এলাকায় পানি থই থই করছে। স্কুলশিক্ষার্থীসহ পথচারীরা ময়লা পানি মাড়িয়ে চলাচল করছে। স্কুল থেকে দুই শিশুসন্তানকে নিয়ে বাসায় ফেরার জন্য সিডিএ এলাকায় রিকশার অপেক্ষায় ছিলেন নাজমা বেগম। তিনি প্রথম আলোকে বলেন, ‘পানি উঠলেই রিকশা পাওয়াটা দুর্লভ হয়ে ওঠে। দুই-তিন গুণ বেশি ভাড়া গুনতে হয়। নোংরা পানিতে হাঁটার কারণে বাচ্চাদের পায়ে চুলকানি দেখা দিয়েছে।’
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মনে করে, ফ্ল্যাপ গেট (পানি নিষ্কাশনের জন্য নির্মিত স্লুইসগেট) নির্মাণই এর সমাধান। অন্যদিকে স্লুইসগেট নয়, খাল খননকে অধিকতর কার্যকর মনে করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
সম্প্রতি পাউবো মহেশ খালের ওপর ১০০ মিটার আয়তনের সেতু নির্মাণ করতে চেয়েছিল। এর ব্যয় ধরা হয় ২৪ কোটি টাকা। তবে বন্দরের আপত্তির কারণে আটকে আছে স্লুইসগেট নির্মাণের প্রক্রিয়া।
পাউবো সূত্র জানায়, বন্দরের জায়গায় প্রকল্প করার পরিকল্পনা নেওয়া হলেও সে সময় তাদের অনুমতি নেওয়া হয়নি। এ কারণে গত ২০ ফেব্রুয়ারি প্রকল্প প্রস্তাবটি ফেরত পাঠায় মন্ত্রণালয়। প্রকল্প প্রস্তাব তৈরির সময় সিটি করপোরেশন, সিডিএ ও বন্দর কর্তৃপক্ষের মতামত নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে বন্দরের সঙ্গে গত ২৩ জুন অনুষ্ঠিত আলোচনায় স্লুইসগেট নির্মাণে আপত্তি জানায় বন্দর। পাউবো চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুজ্জামান বলেন, ‘মহেশ খালের স্লুইসগেট নির্মাণের সম্ভাব্য জায়গাটি বন্দরের। তাই তাদের অনুমতি ছাড়া স্লুইসগেট নির্মাণ সম্ভব নয়।’
তবে আপত্তির বিষয়টি স্বীকার করেননি ওই বৈঠকের সভাপতি বন্দরের বোর্ড সদস্য (প্রকৌশল) জুলফিকার আজিজ। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা শুধু বলেছি, স্লুইসগেট নির্মাণের আগে একটি সমীক্ষা করে স্থান নির্ধারণ করতে হবে।’
তবে বন্দর সূত্র জানায়, প্রস্তাবিত এলাকাটি বন্দরের আবাসিক এলাকা। এটি তাদের আপত্তির অন্যতম কারণ। বৈঠকের কার্যবিবরণীতেও বিষয়টি উল্লেখ আছে।
বন্দর মনে করে, স্লুইসগেট নির্মাণে স্বল্পকালীন সুফল পাওয়া গেলেও দীর্ঘমেয়াদে সেটি জটিলতা তৈরি করবে। খালে পানির প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত হবে, ময়লা জমে খাল ভরাট হয়ে যাবে, বাড়বে লবণাক্ততা। মহেশ খালে নৌকা ও ট্রলার যাতায়াত বন্ধ হবে। স্লুইসগেটের পরিবর্তে খাল খননের পরামর্শ দেয় বন্দর।
এ ছাড়া একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে নদীর প্রবাহ, আর্থসামাজিক ও পরিবেশগত সমীক্ষার পরামর্শ দিয়েছে বন্দর।
নাম প্রকাশে অনিচ্ছুক বন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, খাল খননেন সম্ভাব্যতা নিয়ে বিশেষজ্ঞ কমিটির সমীক্ষা চলছে। সমীক্ষা শেষ হলে ঠিক করা হবে যে মহেশখাল খননের কাজটি বন্দর করবে, নাকি অন্য কোনো সংস্থা।
নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী আলী আশরাফ মনে করেন, নগরের জলাবদ্ধতা দূর করতে স্লুইসগেট নির্মাণ ও খাল খনন দুটিই জরুরি। তবে জোয়ারজনিত জলাবদ্ধতার জন্য প্রয়োজন মহেশখাল মুখে স্লুইসগেট।
১৯৯৫ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) প্রণীত চিটাগং মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে জোয়ারের পানি প্রবেশ বন্ধ করতে খালের মুখে স্লুইসগেট নির্মাণের কথা বলা হয়েছে। তবে সেই নির্মাণ আর হয়নি।
পাউবোর প্রকৌশলী কামরুজ্জামান বলেন, ‘জোয়ারের পানির সমস্যা সমাধানে গত বছর একটি যৌথ সমীক্ষার প্রস্তাব নিয়ে মেয়র ও সিডিএর চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছিলাম। তাঁরা আশ্বাসও দিয়েছিলেন। এরপর আর কোনো উদ্যোগ দেখা যায়নি। এলাকা যেহেতু সিটি করপোরেশনের আওতাধীন, তাই তাদের এগিয়ে আসা দরকার ছিল।’
তবে এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ বলেন, ‘স্লুইসগেট নির্মাণ করা আমাদের কাজ নয়। তার পরও আমরা কয়েকবার উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পাউবোর পক্ষ থেকে আমাদের বাধা দেওয়া হয়েছে।’ সর্বশেষ কবে উদ্যোগ নিয়েছিলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মনে নেই। কাগজপত্র দেখলে বলতে পারব।’
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ জানান, ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র খাতুনগঞ্জের ব্যবসায়ীদের অনেকেই জলাবদ্ধতার কারণে চালসহ বিভিন্ন পণ্যের আড়ত শহরের অন্য এলাকায় সরিয়ে নিয়েছেন। তিনি বলেন, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই জনদুর্ভোগ নিরসনে চরমভাবে ব্যর্থ হয়েছে।