মাথার ওপর মরা গাছ দুর্ঘটনার আশঙ্কা
দিনাজপুরের বিরামপুর রেলস্টেশন মহল্লায় জনবসতির মধ্যে বড় আকারের একটি শিমুলগাছ এক বছর ধরে মরা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। রেল বিভাগের এই গাছ অপসারণের জন্য মহল্লাবাসী একাধিকবার কর্তৃপক্ষকে অবহিত করলেও কোনো কাজ হয়নি। এ কারণে গাছটি ভেঙে পড়ে যেকোনো মুহূর্তে প্রাণহানির আশঙ্কা করছে এলাকাবাসী।মহল্লার বাসিন্দা আজিজ মণ্ডল বলেন, গাছটির ঠিক নিচেই রয়েছে পল্লী বিদ্যুতের সংযোগ। এটি ভেঙে পড়লে এর নিচে চাপা পড়ে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনেক লোকের প্রাণহানির আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে বিরামপুরের স্টেশনমাস্টার আবু সুফিয়ান বলেন, তাঁকে কেউ গাছ অপসারণের কথা বলেননি। তা ছাড়া বিষয়টি রেলের ভূসম্পত্তি বিভাগের অওতাভুক্ত। এ বিষয়ে তিনি সহকারী প্রকৌশলীর (পার্বতীপুর) সঙ্গে যোগাযোগ করতে বলেন।সহকারী প্রকৌশলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তাঁর নাম বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘রেলের জায়গায় আমরা কাউকে থাকতে বলিনি। গাছটি আমরা যেকোনো মুহূর্তে কাটতে পারতাম। কিন্তু আপনারা তখন এটা নিয়ে অনেক কিছু লেখালিখি করতেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সুবিধামতো সময়ে সবকিছু হবে। এতে কারও নিরাত্তার সমস্যা হলে সে উঠে চলে যাবে।’