মাথার চুল কেটে পায়ে ছেঁকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরির অভিযোগে রাজশাহীর বাঘায় এক নারীকে মাথার চুল কেটে পায়ে সিগারেটের ছেঁকা দেওয়াসহ মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে সালিস ডাকা হলে আসামিরা সালিস অমান্য করে চলে যায় বলে জানা গেছে।অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার জোতজয়রাম গ্রামের আঞ্জু আরা খাতুনের (২২) বিরুদ্ধে একটি মোবাইল ফোনসেট চুরির অভিযোগ আনা হয়। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর বিকেলে পার্শ্ববর্তী জোতরাঘব গ্রামের সেকেন্দারের ছেলে আশরাফুল আঞ্জুকে রাস্তা থেকে ধরে নিয়ে যান। বাড়িতে নিয়ে মেয়েদের দিয়ে প্রথমে আঞ্জুর দেহ তল্লাশি করান। পরে তাঁরা আঞ্জুর মাথার চুল কেটে দেন, বাঁ পায়ের পাঁচটি স্থানে জ্বলন্ত সিগারেটের ছেঁকা দেন এবং লাঠি দিয়ে বেধড়ক পেটান। এ ঘটনায় সেকেন্দারের ছেলে মিলন (২৫), আশরাফুল (২৮) ও তাঁর স্ত্রী নাইস বেগম, আনিসুর রহমান ওরফে সুলতান (৩৫) ও তাঁর স্ত্রী পলি বেগম এবং আদবীর হোসেনের ছেলে আ. সালামকে (১৮) আসামি করে গত ১ অক্টোবর বাঘা থানায় একটি মামলা দায়ের করা হয়। আঞ্জু আরা জানান, আসামি সুলতান সেনাবাহিনীতে চাকরি করেন। বর্তমানে তিনি নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্টে কর্মরত। আঞ্জু আরার দাবি, ঘটনার দিন সন্ধ্যায় আনিসুর রহমান মোটরসাইকেল নিয়ে তাঁদের বাড়ি এসেছিলেন।গত শুক্রবার স্থানীয় লোকজনের উদ্যোগে জোতরাঘব উচ্চবিদ্যালয় ও কলেজের একটি কক্ষে এ নিয়ে একটি সালিস ডাকা হয়। কিন্তু আসামিরা সালিস অমান্য করে চলে যান। ওই কলেজের অধ্যক্ষ মহিবুর রহমান সালিসে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘সাক্ষ্য-প্রমাণে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।বাজুবাঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নওশাদ আলী জানান, ঘটনার পরপরই খবর পেয়ে তিনি এবং পার্শ্ববর্তী ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুজ্জামান ঘটনাস্থলে গিয়েছিলেন। তাঁরা সেখানে সেনাসদস্য আনিসুর রহমানকে দেখেছেন। তিনি নাকি ‘নাইট পাস’ নিয়ে এসেছিলেন। রাতেই আবার চলে গেছেন। অভিযুক্ত মিলন অভিযোগ ঠিক নয় বলে দাবি করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা ও বাঘা থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, মামলাটি তদন্তাধীন। তবে প্রাথমিক তদন্তে তিনি চুল কাটা ও পায়ে ছেঁকা দেওয়ার প্রমাণ পেয়েছেন।