মাথার চুল বড় রাখায়...
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এইচ জি জি এস সঞ্চৃতি বিদ্যায়তনের অর্ধশতাধিক ছাত্রের মাথার চুল জোর করে কেটে দেওয়া হয়েছে। মাথার চুল বড় রাখায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশে এই কাজ করা হয়।এই ঘটনার প্রতিবাদে ছাত্র ও অভিভাবকেরা বিদ্যালয়ের মাঠে বিক্ষোভ করেছেন। অভিভাবক ও ছাত্ররা জানায়, যেসব ছাত্র মাথার চুল বড় রেখেছে গতকাল বেলা ১১টার দিকে তাদের বিদ্যালয়ের মাঠে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর নির্দেশ দেন প্রধান শিক্ষক। এরপর কাঁচি দিয়ে তাদের চুল কেটে দেন বিদ্যালয়ের দপ্তরি। এ সময় অনেক ছাত্র কান্নায় ভেঙে পড়ে।বিদ্যালয়ের দপ্তরি জামান মিয়া বলেন, প্রধান শিক্ষকের নির্দেশে তিনি ছাত্রদের চুল কেটে দিয়েছেন।প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, বিদ্যালয়ের নিয়ম আছে মাথার চুল ছোট রাখতে হবে। কিন্তু অনেক বলার পরও অনেক ছাত্র চুল ছোট না রাখায় তাদের চুল কেটে দেওয়া হয়েছে। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাসরিন বলেন, ‘ঘটনাটি আমি অভিভাবকদের কাছ থেকে মৌখিকভাবে জানতে পেরেছি। আগামীকাল (আজ) এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’