মাথায় আঘাত করে শিশুকে হত্যা মা ও বোন আহত
লাঠি দিয়ে মাথায় আঘাত করে ও দেয়ালের সঙ্গে ধাক্কা দিয়ে সুবর্ণা মৃধা (৪) নামের এক শিশুকে হত্যা করা হয়েছে। একই সঙ্গে কুপিয়ে ও মুখে আঘাত করে শিশুটির মা রীনা রানী মৃধা (৩৫) ও বোন স্বর্ণা মৃধাকে (২) আহত করা হয়েছে। গতকাল রোববার সকালে রাজধানীর বাড্ডায় ওই ঘটনা ঘটে। পুলিশ ওই অপরাধে মানিক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। আহত রীনা রানী সাংবাদিকদের বলেন, মানিক তাঁর বড় মেয়ে সুস্মিতাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল। তিনি তা প্রত্যাখ্যান করেন। তাঁর ধারণা, সেই কারণে মানিক এ ঘটনা ঘটিয়েছে। অপরদিকে পুলিশ বলছে, ঘটনার সুস্পষ্ট কারণ জানা যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে স্থানীয় লোকজন রীনা ও তাঁর দুই সন্তান সুবর্ণা ও স্বর্ণাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুবর্ণাকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। রীনা রানী সাংবাদিকদের বলেন, তিনি স্বামী ও চার সন্তান নিয়ে উত্তর বাড্ডার ১৭ নম্বর লেনের একটি বাসায় থাকেন। গতকাল সকাল আটটার দিকে তাঁর বোনের ছেলে মানিক এক বন্ধুকে নিয়ে তাঁর বাসায় আসে। তিনি তাদের জন্য চা-নাশতা বানাতে রান্নাঘরে যাওয়ামাত্র মানিক হঠাৎ তাঁর ওপর হামলে পড়ে এবং বঁটি দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। তা দেখে সুবর্ণা ও স্বর্ণা চিৎকার শুরু করলে তাদেরও লাঠি দিয়ে পেটায়। পরে মেয়ে দুটিকে ঘরের দেয়ালের সঙ্গে ধাক্কা দিয়ে আহত করে। প্রতিবেশীরা ছুটে আসার আগেই তারা পালিয়ে যায়। রীনা রানীর স্বামী ভবদেশ মৃধা একজন কাঠমিস্ত্রি। বড় দুই সন্তান সুস্মিতা (১২) ও সোমা (৮) স্থানীয় স্কুলে পড়ে। ঘটনার সময় তারা দুজন বাসায় ছিল না। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় মানিককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সুবর্ণার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।