মাথায় ইট দিয়ে কাঠফাটা রোদে দাঁড় করিয়ে শাস্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রোদের মদ্দি দাঁড় করায়ে মাথার ওপর দুইটা ইট রাহে। তারপর আকাশের দিকে তাকায় থাকতি হয়। আর নয়তো দুই হাতে দুইটা আস্ত ইট নিয়ে হাত উঁচু করে দাঁড়ায় থাকতি হয়। আবার কোনো দিন ঘুঘুমোড়া দিয়ে (হাঁটু ভেঙে দুই হাত হাঁটুর নিচে দিয়ে কান ধরে থাকা), নয়তো চিয়ারের মতো হয়ে হাঁটু ভাঙ্গে আধাঘণ্টার মতো বসে থাকতি হয়। অনেক কষ্ট হয়। কেউ যাতে বাড়ি যাতি না পারে, সে জন্যি হুজুররা মাদ্রাসা থেকে কাউরে বেরোতি দেয় না। আটকায় রাহে।’ পড়া না পারায় বা দুষ্টুমি করায় শিক্ষকদের দেওয়া শাস্তির বর্ণনা দিচ্ছিল নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ রাহমানিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার কয়েকজন ছাত্র। মাদ্রাসার এক সহকারী শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করলেও অধ্যক্ষ এ ধরনের শাস্তির ঘটনা অস্বীকার করেছেন।এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, পড়া না পারলে মাদ্রাসার হুজুররা প্রতিনিয়ত এভাবেই শিশুদের শাস্তি দেন। ছাত্র শফিকুল ইসলাম, রাসেল, জসিম উদ্দীন, আবিদসহ অনেকেই জানায়, কোরআন শরিফ পড়া হয়নি, এ জন্য আবু তাহের হুজুর গত সোমবার (৫ এপ্রিল) মাদ্রাসার সাতজন ছাত্রকে মাথার ওপর দুটি ইট রেখে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখেন।প্রতিবেশী জান্নাত সরদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শিশুরা চঞ্চল প্রকৃতির। একটু-আধটু দুষ্টুমি করতেই পারে। দু-একদিন পড়া নাও পারতে পারে। সে জন্য মাথার ওপর ইট রেখে রোদের মধ্যে দাঁড় করিয়ে সাজা দিতে হবে? এটা অমানবিক।’ মাদ্রাসার শিক্ষক আবু তাহের বলেন, ‘ছেলেরা লেখাপড়া করতে চায় না। তাই শাসন করা হয়েছে।’ তিনি দাবি করেন, যে দিন শাস্তি দেওয়া হয়, পরদিন ঠিকই লেখাপড়া হয়। অধ্যক্ষ আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, ‘মাদ্রাসার কোনো ছাত্রকে মাথায় ইট দিয়ে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয় না। এমনকি কোনো ছাত্রকে বেত দিয়েও মারা হয় না। যদি কেউ বলে থাকে, এটা সম্পূর্ণ মিথ্যা বলেছে।’ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক সমাদ্দার জানান, শিশুদের শাস্তি দেওয়া যাবে না—এ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।