মাথায় ইট পড়ে আহত শ্রমিকের মৃত্যু, মামলা
নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে আহত হওয়া নির্মাণশ্রমিক সাহাবুদ্দিন হাওলাদার (২৮) গত রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। পুলিশ এ ঘটনায় ভবনের এক ঠিকাদারকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে এক মাসের ব্যবধানে রাজধানীতে মাথায় ইট পড়ে দুই ব্যক্তির মৃত্যু হলো। গত ১৬ জুলাই পান্থপথ এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে মারা যান কলেজছাত্র হাবিবুর রহমান (২১)। রমনা থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাহাবুদ্দিন হাওলাদার নিউ বেইলি রোড এলাকার একটি নির্মাণাধীন নয়তলা ভবনের স্যানিটারি মিস্ত্রির সহযোগী ছিলেন। গত শনিবার বিকেলে সাহাবুদ্দিন ভবনের পেছনে নিচে স্যানিটারির পাইপ কাটছিলেন। এ সময় ওপর থেকে তাঁর মাথার ওপর একটি ইট পড়লে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরদিন রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার সকালে এ ঘটনায় নিহতের ভাই সালফিন হাওলাদার বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে মামলা করেন। আসামিরা হলেন, নির্মাণ প্রতিষ্ঠান অ্যাসর্ট হাউজিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মুজিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক হামিদুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক ইউসুফ জাইদ, সাইট ইঞ্জিনিয়ার আকিকুল ইসলাম, ঠিকাদার লোকমান হোসেন, প্রধান শ্রমিক মো. মিলন ও স্যানিটারির ঠিকাদার আবদুল হাই। পুলিশ আবদুল হাইকে গ্রেপ্তার করেছে। ওসি আরও বলেন, ওই ভবনের তিন দিকে নিরাপত্তা টিন দেওয়া থাকলেও পেছনে (ঘটনাস্থল) তা ছিল না। ভবনের প্রতিটি তলায় স্যানিটারি ও রাজের কাজ চলছে। তবে, কোন জায়গা থেকে কীভাবে ইটটি পড়েছে তা জানা যায়নি। গতকাল বিকেলে ওই ভবনে গিয়ে নূরুন্নবী নামের একজন নিরাপত্তাকর্মী ছাড়া কাউকে পাওয়া যায়নি। নূরুন্নবী বলেন, পুলিশ এসে একজনকে ধরে নিয়ে যাওয়ার পর অন্য শ্রমিকেরা চলে গেছেন। পেছনে কোনো বাসাবাড়ি না থাকায় কোম্পানি নিরাপত্তা টিন দেয়নি বলে জানান তিনি। নিহতের ভাগনে মো. হাফিজ জানান, নিহত সাহাবুদ্দিনের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামে। বাবা করিম হাওলাদার। সাহাবুদ্দিন দুই সন্তানের জনক ছিলেন। লাশ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।