মাথায় ইট পড়ে মৃত্যুশয্যায় বিশ্ববিদ্যালয়ছাত্র
শুক্রবার বেলা একটা! রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদিয়া হাউজিংয়ের ৭ নম্বর রোড দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন মো. আখিদুল ইসলাম। নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় একটি ইট এসে পড়ে তাঁর মাথার ওপর। মাথার এক পাশের হাড় চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। প্রথমে সোহরাওয়ার্দী, তারপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে তিনি এখন স্কয়ার হাসপাতালের আইসিইউতে কোমায় রয়েছেন।
আখিদুলের বাড়ি যশোরের মনিরামপুরের হরিদাসকাঠি গ্রামে। চার ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়। ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি। বড় বোনের সঙ্গে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের ৮ নম্বর সড়কের একটি বাসায় থাকতেন। তাঁর জীবন সংকটাপন্ন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
এ ঘটনায় আখিদুলের দুলাভাই প্রচ্ছদশিল্পী মোস্তাফিজ কারিগর মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।চিকিৎসকেরা জানিয়েছেন, শুক্রবার ছয়টার দিকে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। ৪৮ ঘণ্টা পর্যন্ত তাঁকে লাইফ সাপোর্টে রাখা হবে।
ঘটনাস্থল পরিদর্শন করা মোহাম্মদপুর থানার এসআই মো. ইয়াহিয়া বলেন, দুর্ঘটনার সময় ভবনটিতে নির্মাণকাজ চলছিল না বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিয়ের অনুষ্ঠান উপলক্ষে তৃতীয় তলায় ব্যানার টানানো হচ্ছিল। থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, এ ঘটনায় ভবনটির মালিক মোশাররফ হোসেন ও তাঁর এক ছেলেকে শুক্রবার রাতে আটক করে থানায় আনা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।