ধানমন্ডিতে নির্মাণশ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডিতে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় আঘাত পেয়ে চান মিয়া (৩৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের বাড়ি সিরাজগঞ্জের জজিরা কাজীপুর গ্রামে।
মনির হোসেন নামে আরেক নির্মাণ শ্রমিক জানান, ধানমন্ডির ১০ নম্বর রোডে ৫০ নম্বর হাউসে তাঁরা একটি সাততলা ভবনের নির্মাণকাজ করছিলেন। ঢালাই কাজ করার সময় আঘাত পান চান মিয়া। এতে গুরুতর আহত হলে তিনি (মনির) দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। সোয়া এক ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল ক্যাম্প পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক মো. নুরুল ইসলাম বলেন, চান মিয়ার মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, যার নম্বর ১১।