মাথায় গুলি করে এসআইয়ের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন (২৮) গতকাল বুধবার মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। তাঁর আত্মহত্যার কারণ জানা যায়নি।বড়লেখা থানা পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মনির গত মঙ্গলবার রাতে দায়িত্ব পালন শেষে গতকাল দুপুর ১২টার বাসায় চলে যান। আবার বেলা দুইটার দিকে থানায় ফিরে আসেন। এরপর বেলা দুইটা ৪০ মিনিটের দিকে থানা ভবনের পেছনে নিজের পিস্তল মাথায় ঠেকিয়ে গুলি করেন। গুলি মাথার ডান দিকে ঢুকে বাম দিক দিয়ে বের হয়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।জানা গেছে, মনির হোসেনের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নওয়াগাঁও বড়বাড়ি গ্রামে। তাঁর বাবার নাম মো. আবদুল মান্নান। তিনি ২০০৫ সালে উপপরিদর্শক পদে পুলিশ বিভাগে নিয়োগ পান। গত বছরের ২৫ আগস্ট তিনি বড়লেখা থানায় যোগদান করেন। বছর দেড়েক আগে তিনি বিয়ে করেন। বড়লেখা উপজেলা সদরে একটি বাসা ভাড়া করে তিনি স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তাঁর স্ত্রী শম্পা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। তাঁদের কোনো সন্তান নেই।বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর বলেন, ‘পিস্তলটি মনিরের নামেই ইস্যু করা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি আত্মহত্যা। তবে এর কারণ এখনো জানা যায়নি।’ মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, ‘এসআই মনির কেন আত্মহত্যা করলেন, কিছু বোঝা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখতে হবে।’