মাথায় পচন নাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদে গতকাল প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: বাসস
জাতীয় সংসদে গতকাল প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে, জীবন বাজি রেখে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন। নিজে কী পেলেন, না পেলেন বা স্বীকৃতি বড় বিষয় নয়।

গতকাল বুধবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা এসব কথা বলেন।

বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি নিজে সততার সাথে দেশ চালাতে চেষ্টা করছি। একটা কথা মনে রাখবেন, মাথায় পচন ধরলে সবখানেই পচন ধরে। যেহেতু মাথায় পচন নাই, শরীরের কোথাও একটু-আধটু ঘা-টা থাকলে সেগুলো আমরা সেরে ফেলতে পারব।’

সম্পূরক প্রশ্নে বিরোধী দল জাতীয় পার্টির ফখরুল ইমাম বলেন, পিপলস অ্যান্ড পলিটিকস নামের একটি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের তৃতীয় সৎ ও পরিচ্ছন্ন রাষ্ট্রপ্রধান। তিনিবিশ্বে চতুর্থ কর্মঠ সরকার। তবে তাঁর সরকারের বিরুদ্ধে দুর্নীতির কিছু অভিযোগ আছে। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর অনুভূতি জানতে চান।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার অনুভূতি এটাই, কী পেলাম, কী পেলাম না, সে হিসাব মেলাতে আমি আসিনি। কে আমাকে রিকগনাইজ করল (স্বীকৃতি দিল), করল না, সে হিসাব আমার নাই। একটাই হিসাব এই বাংলাদেশের মানুষ, তাদের ভাগ্য পরিবর্তনে কিছু কাজ করতে পারলাম সেটাই আমার কাছে বড়।’

শেখ হাসিনা বলেন, অন্য যেসব সরকারপ্রধানের সঙ্গে তুলনা করা হয়েছে, তাদের জনসংখ্যা আর বাংলাদেশের জনসংখ্যা তুলনা করা হলে হয়তো হিসাবটা অন্য রকম হতো। তিনি বলেন, তাঁকে বারবার মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। গ্রেনেড হামলার শিকার হতে হয়েছে, জেল-জুলুম, নির্যাতন সহ্য করতে হয়েছে। বিদেশে শরণার্থী হয়ে থাকতে হয়েছে। যাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে, তাঁদের এই অভিজ্ঞতাও নেই।

প্রধানমন্ত্রী বলেন, এমনও দিন যায়, কাজের চাপে রাতে তিন ঘণ্টা, সাড়ে তিন ঘণ্টার বেশি ঘুমাতে পারেন না। তিনি কাজ করেন মনের টানে। কারণ, তিনি তাঁর পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চান।

দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, যে দেশে স্বৈরশাসন চলে, গণতন্ত্র, স্বচ্ছতা, জবাবদিহির অভাব থাকে, সে দেশে দুর্নীতির শিকড় গেড়ে যায়। সে শিকড় উপড়ে ফেলা কঠিন হয়ে যায়। বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে স্বৈরশাসন, সেনাশাসন, অবিচার, অত্যাচার। যার কারণে এখনো দুর্নামের ভাগীদার হতে হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ওই রকম দুর্নীতি হলে দেশের জিডিপি ৭ দশমিক ২৮ ভাগ হতো না। মাথাপিছু আয় ১ হাজার ৬১০ ডলারে উন্নীত হতো না।

মিয়ানমারের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রেখে সমস্যা সমাধান

মিজানুর রহমানের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, সরকার মিয়ানমারের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রেখে রোহিঙ্গা সমস্যার সমাধানে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের লক্ষ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ একটি খসড়া হস্তান্তর করেছে। এটি নিয়ে দুই দেশই পরীক্ষা-নিরীক্ষা ও আলোচনা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক জনমত গঠনের জোর প্রচেষ্টা চালানোর ফলে রোহিঙ্গাদের অধিকারের পক্ষে আজ বিশ্বজনমত গঠিত হয়েছে।

সংরক্ষিত আসনের সেলিনা জাহানের প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, দৈনিক গড়ে ১১ হাজার মিয়ানমারের নাগরিকের বায়োমেট্রিক নিবন্ধন হচ্ছে। ২০ নভেম্বর পর্যন্ত ৫ লাখ ৯৯ হাজার ৪৬০ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। আগামী ১২ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।