মাথায় হাত পুরোনো শীতবস্ত্র ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা হরতাল-অবরোধের কারণে আমদানি করা পুরোনো শীতবস্ত্র চট্টগ্রাম থেকে সারা দেশে পাঠাতে পারেননি ব্যবসায়ীরা। এতে লোকসানের মুখে পড়েছেন তাঁরা।
ব্যবসায়ীরা জানান, বছরে প্রায় ১৫ কোটি টাকার পুরোনো কাপড় আমদানি করা হয়। শুল্ক-কর, পরিবহন ও গুদামভাড়াসহ খরচ পড়ে প্রায় ৩০ কোটি টাকা। বছরে একবারই এসব পোশাক আমদানির সুযোগ পাওয়া যায়। এর মধ্যে বেশির ভাগ ব্যবসা হয় নভেম্বর থেকে জানুয়ারিতে শীতবস্ত্র বিক্রির মাধ্যমে। কিন্তু এবার হরতাল-অবরোধে আমদানিকারকেরা কাপড় পাঠাতে পারছেন না সারা দেশে। এ কারণে বিপাকে পড়েছেন।
ব্যবসায়ীরা জানান, চট্টগ্রাম বন্দর দিয়ে এসব কাপড় আমদানি করা হয় মূলত তাইওয়ান, জাপান ও কোরিয়া থেকে। সোয়েটার, জ্যাকেট, কম্বলসহ নানা ধরনের শীতবস্ত্র আনেন তাঁরা। এরপর সারা দেশে পাঠানো হয়।
শীতবস্ত্রের ব্যবসা হয় প্রধানত নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে। সে কারণে আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে অক্টোবর থেকে মধ্য ডিসেম্বরের মধ্যে পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে কাপড় সরবরাহের কাজ শেষ করতে হয়। কিন্তু এবার সময় প্রায় শেষ হয়ে এলেও আমদানি করা কাপড়ের ২৫ শতাংশও বিক্রি করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। টানা অবরোধে পণ্য পরিবহনের সুযোগ না থাকায় এ সংকট তৈরি হয়েছে বলে তাঁরা জানান। নির্দিষ্ট সময়ে আমদানি করা পণ্যের অর্ধেকও বিক্রি করা যাবে কি না, তা নিয়ে সংশয়ে আছেন ব্যবসায়ীরা।
পুরোনো কাপড়ের সবচেয়ে বড় আমদানিকারক প্রতিষ্ঠান ভিক্টরি ট্রেডিংয়ের মালিক ও পুরোনো কাপড় মালিক সমিতির সভাপতি আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘পরিবহন করতে না পারায় আমদানি করা বেশির ভাগ কাপড়ের স্তূপ গুদামে পড়ে আছে। প্রতিদিনই গুনতে হচ্ছে বাড়তি গুদামভাড়া। কোটি কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে এসব কাপড় আমদানি করেছি। এখন লাভ তো দূরে থাক, কীভাবে ঋণ শোধ করা হবে, তা ভেবেই ব্যবসায়ীদের ঘুম হারাম হয়ে গেছে।’
পুরোনো কাপড় মালিক সমিতির সাধারণ সম্পাদক আকতার ফারুক বলেন, ‘মৌসুমের কাপড় মৌসুমে বিক্রি করা না গেলে পুরোটাই ক্ষতি। কারণ, বিক্রি করতে না পারলে গুদামে থেকে এসব কাপড়ের গুণগত মান নষ্ট হয়ে যাবে। ফলে আগামী মৌসুমে এসব কাপড় বিক্রি করা সম্ভব হবে না। আর বর্তমানে যে ক্ষতি হয়েছে, তা কবে নাগাদ পূরণ হবে, সে হিসাবও জানা নেই।’
আমদানি করা পুরোনো কাপড়ের অধিকাংশ ফুটপাতে বসে ও ভ্যানে করে বিক্রি করেন হকাররা। হকার্স মার্কেটগুলোতেও বিক্রি হয় এসব কাপড়। কিন্তু রাজনৈতিক সহিংসতার কারণে এবার এসব বাজার জমবে কি না, সে আশঙ্কাও রয়েছে।
ঈশ্বরদীর পাইকারি ও খুচরা বিক্রেতা মো. আক্কাস মিয়া জানান, হরতাল-অবরোধের কারণে চাহিদার বেশির ভাগ চালান এখনো হাতে পাননি তিনি। আর যেগুলো পেয়েছেন, মন্দা ব্যবসার কারণে হকাররাও সেগুলো নিতে আগ্রহ দেখাচ্ছেন না।
আমদানি করা পুরোনো কাপড়ের সবচেয়ে বড় চালান যায় উত্তরবঙ্গ ও ঢাকায়। নিম্নবিত্তের মানুষ এসব পোশাকের ক্রেতা। উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বাড়ছে। নির্দিষ্ট সময়ে কাপড় পৌঁছাতে না পারলে বাজারে সংকট তৈরি হবে। আর শীতবস্ত্র নিম্নবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে চলে যেতে পারে। এতে শীতে কষ্ট পাবে গরিব মানুষ।