মাথায় হাত বুলিয়ে বাবলুকে আশীর্বাদ করলেন এরশাদ
জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করলেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। আর বাবলু মহাসচিবের দায়িত্ব দেওয়ার জন্য এরশাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ‘স্যারের সঙ্গে আজীবন থাকব’ বলে প্রতিশ্রুতি দেন।
রাজধানীর কাকরাইলে গতকাল রোববার সন্ধ্যায় জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নবনিযুক্ত মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুর সংবর্ধনা অনুষ্ঠানে এরশাদ ও বাবলু পরস্পর এই আশীর্বাদ ও প্রতিশ্রুতি-বিনিময় করেন।
নতুন মহাসচিবকে স্বাগত জানিয়ে এরশাদ বলেন, ‘বাবলু ডাকসুর জিএস ছিলেন। পার্টির নেতৃত্বে তাঁর প্রয়োজন আছে। আশা করি, তিনি দলকে গতিশীল ও আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করবেন।’
জিয়াউদ্দিন বলেন, ‘আমার পিতৃতুল্য হুসেইন মুহম্মদ এরশাদ আমার ওপর যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন, তার জন্য গভীর কৃতজ্ঞতা জানাই।’ জাপার এই নেতা ডাকসুর জিএস থাকা অবস্থায় এরশাদের দলে যোগদানের কথা উল্লেখ করে বলেন, ‘সেদিন পিতার মতো আদর করে তিনি আমাকে বরণ করেন। ওনার ব্যবহারে অভিভূত হয়ে দলে যোগদান করি। ৩১ বছর ধরে তাঁর সঙ্গে আছি।’
এর আগে এরশাদকে একটি লাল গোলাপ ফুল উপহার দিয়ে স্বাগত জানান জিয়াউদ্দিন আহম্মেদ।
অনুষ্ঠানে জাপার বিদায়ী মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার ছিলেন না। এ বিষয়ে এরশাদ বলেন, ‘অনুষ্ঠানে আসার আগে রুহুল আমিন হাওলাদারের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, যত দিন জাতীয় পার্টি থাকবে তিনি আমাদের সঙ্গে থাকবেন।’