অনুষ্ঠানের নাম ‘ঢাকা কলেজ: গৌরবের ১৭০ বছর ফিরে দেখা’। একটি নয়, দুটি নয়, একে একে ১৭০ বছরে পদার্পণ করল দেশের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ। সে উপলক্ষেই ‘আঁধার কাটুক, উদার আলোক ধারায়’—এই স্লোগান নিয়ে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বছরব্যাপী অনুষ্ঠানমালা।উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের দীর্ঘকালের গৌরমণ্ডিত ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি মাদক, ইভ টিজিং ও সন্ত্রাসের বিরুদ্ধে শপথ গ্রহণ, শোভাযাত্রা এবং স্মৃতিচারণাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৪১ সালে। দেশের শিক্ষা বিস্তারে প্রায় দুই শতাব্দীর সমান বয়সী কলেজটির ভূমিকা অবিস্মরণীয়। এই কলেজের শিক্ষার্থীদের মধ্যে অনেকেই পরবর্তী জীবনে তাঁদের মেধা-মনন-কর্মে দেশ-বিদেশে প্রভূত সুনাম অর্জন করেছেন। সকালে কলেজমাঠে পতাকা ওঠানোর মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উপস্থিতিতে শত শত শিক্ষার্থীকে শপথ করান কলেজের বাংলা বিভাগের শিক্ষক শামীম সিদ্দিকী। এরপর শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের ভেতরের আশপাশের রাস্তা প্রদক্ষিণ করে কলেজ মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে মোমবাতি জ্বালিয়ে বছরব্যাপী অনুষ্ঠানের শুভ কামনা করা হয়।এরপর ছিল আলোচনা, স্মৃতিচারণা ও সংবর্ধনার পালা। অধ্যক্ষ আয়েশা বেগমের সভাপতিত্বে আলোচনায় শিক্ষামন্ত্রী ছাড়াও বক্তব্য দেন অধ্যাপক বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর, স্থানীয় সাংসদ শেখ ফজলে নূর তাপস, কলেজের সাবেক ছাত্র ও বর্তমান শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, ছড়াকার লুৎফর রহমান রিটন, মুক্তিযুদ্ধে শহীদ কলেজের ছাত্র নাজিমউদ্দিন খুররম খানের ভাই এনায়েত উদ্দিন কায়সার খান, উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক সুলতানা নিগার চৌধুরী, ঢাকা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক প্রমুখ।শিক্ষামন্ত্রী বলেন, ‘ঢাকা কলেজের জন্য বাংলাদেশ গৌরবান্বিত। অতীতের ধারাবাহিকতায় সামনে এগিয়ে যেতে হবে।’ নতুন প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ হলো আমাদের জীবনের সবচেয়ে গৌরবময় অধ্যায়। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি। তবে তাদের সামনে আরেকটি গৌরবান্বিত ইতিহাস অপেক্ষা করছে। নয় মাসের যুদ্ধে দেশ স্বাধীন হলেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়নি। ৪০ বছরেও যুদ্ধাপরাধীদের বিচার হয়নি। দেশকে পরিবর্তন করার মাধ্যমে আরেকটি গৌরবময় অধ্যায় রচিত হচ্ছে। আর এর নায়ক হবেন আপনারা (নতুন প্রজন্ম)। নিশ্চয়ই এই সুযোগ নষ্ট করবেন না।’বর্তমানে শিক্ষকদের বদলিতে প্রভাব খাটানোর কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আগে সেটা হতো না। কিন্তু এখন বদলি হলেও শিক্ষকেরা প্রভাব খাটিয়ে ঢাকায় থাকতে চান।’ তিনি সংশ্লিষ্ট সবাইকে নোট বই না কেনার আহ্বান জানান। এ সময় তিনি বছরের শুরুতেই বই দেওয়ার কথা তুলে ধরেন। শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল করার কথাও পুনর্ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী। বক্তব্যের মাঝেই তিনি শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কলেজের ভবনগুলোর সংস্কার, নতুন ছাত্রাবাস নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণসংক্রান্ত প্রকল্প অনুমোদনের পত্র কলেজের অধ্যক্ষের কাছে তুলে দেন। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য বাস দেওয়া ও কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় করার ক্ষমতা আমার হাতে নেই। এ বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সংসদে আইন করতে হবে।’বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর ভাষা আন্দোলনের সময়ের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। এই কলেজে ১৯৭৪ সালে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিলেন বর্তমান শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী। স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের সময় শ্রেণীকক্ষ থেকে অনেকেই পেছনের দরজা দিয়ে মাঠের দিকে পালিয়ে যেত। একবার একজন শিক্ষক যখন ব্ল্যাকবোর্ডে লিখছিলেন, তখন পেছন থেকে একজন ছাত্র বলে ওঠে, স্যারের হাতের লেখা ভালো না। তখন রাগান্বিত হয়ে শিক্ষক জানতে চান, কে কথা বলছে। কিন্তু তখন কেউ আর কথা বলে না। পরে আবার যখন স্যার লিখছিলেন, তখন ওই ছাত্রটি আবার বলে ওঠে, স্যারের হাতের লেখা ভালো না। সঙ্গে সঙ্গে ঘুরে স্যার ছাত্রটিকে দেখতে পান এবং তার রোল নম্বর জানতে চান। তখন ছাত্রটি বলে, ৯৫। কিন্তু সঙ্গে সঙ্গে আরেকজন ছাত্র বলে, না স্যার, আমার রোল ৯৫। এ অবস্থায় ছাত্রটি পালিয়ে মাঠে চলে যায়।’আরেকটি স্মৃতির কথা বলতে গিয়ে তিনি তাঁর প্রয়াত বন্ধু কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর স্মৃতিচারণা করেন। তিনি বলেন, ‘একবার রুদ্র পরীক্ষাই দেয়নি। কিন্তু ফল প্রকাশের পর সে আমাকে তার ফল জানতে বিভাগে পাঠায়। বিভাগে গিয়ে জানতে চাইলে শিক্ষক জানান, ৩৩ পেয়েছে! আসলে তখন প্রশ্ন কঠিন হতো। পরীক্ষায় রুদ্রর নামে অন্যজন পরীক্ষা দিয়েছিল।’শিক্ষাসচিব বলেন, ‘আমাদের সময় ঢাকা কলেজ ছিল একমাত্র নামকরা কলেজ। আর এখন তার অনেক প্রতিযোগী। এজন্য শিক্ষাসচিব হিসেবে বলব, কলেজের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে।’ তিনি বলেন, ঢাকা কলেজ এই অঞ্চলে শিক্ষা বিস্তারে মাইলফলক হিসেবে পরিগণিত হয়ে থাকবে।লুৎফর রহমান রিটন স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, ‘ক্লাস করতাম না। একবার ইংরেজি বিভাগের একজন শিক্ষিকার ক্লাস করতে যাই। এ সময় শিক্ষিকা ছাত্রদের নাম ডাকার পর সবাই ইংরেজিতে উপস্থিতি জানান দিচ্ছে। কিন্তু আমি একমাত্র বাংলায় উপস্থিত বলি। এ নিয়ে শিক্ষিকা প্রচণ্ড রেগে যান।’ স্মৃতিচারণায় তিনি বক্তব্যের মাধ্যমে তাঁর কাছে ক্ষমা চান। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো করার জন্য বেশ কয়েকজন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এর আগে গুণীজন হিসেবে অতিথিদের উত্তরীয় পরানো হয়। উদ্যাপন কমিটির আহ্বায়ক সুলতানা নিগার চৌধুরী কলেজের প্রাক্তন ছাত্রদের নাম উল্লেখ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধে শহীদ খুররম খানের নামে কলেজ মিলনায়তনের নামকরণের ফলক উন্মোচন করা হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।