মাদক, দুর্নীতি ও নারীর প্রতি সহিংসতাবিরোধী কনসার্ট চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক, দুর্নীতি, যৌতুক, নারীর প্রতি সহিংসতাবিরোধী এবং পরিবেশ সচেতনতা ও মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরতে গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রামে হয়ে গেল জমজমাট এক কনসার্ট। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে এই কনসার্টের আয়োজন করে সূচনা ক্রিয়েশন অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ এখন তার স্বপ্নপূরণের পথে। একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের ঘোষণা করে বর্তমান সরকার ক্ষমতায় আসে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস ও সূচনা ক্রিয়েশন অ্যান্ড মিডিয়া কমিউনিকেশনের চেয়ারম্যান চৌধুরী ফরিদ। অনুষ্ঠানে গান পরিবেশন করেন মমতাজ, কুমার বিশ্বজিৎ, সঞ্জিত আচার্য্য, কল্যাণী ঘোষ, নির্বাচিতা বড়ুয়া, চৈতি মুৎসুদ্দী। ব্যান্ডের গান পরিবেশন করে চট্টগ্রামের ব্যান্ড দল সাসটেইন।