মাদক অপরাধ কমাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গঠিত উপকমিটি সংশোধিত আইনে কয়েকটি ধারা সংযোজনের সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে—মাদকসংক্রান্ত অপরাধ নিম্ন আদালতে অজামিনযোগ্য করা এবং এ অপরাধের নেপথ্যের অর্থায়নকারী ও রাঘববোয়ালদের শাস্তির জন্য আইনে সুনির্দিষ্ট ধারা সংযোজন করা।আইনটি আরও কঠোর করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছরের অক্টোবরে যুগ্ম সচিবকে (প্রশাসন) প্রধান করে ছয় সদস্যের একটি উপকমিটি গঠন করে। উপকমিটিতে রয়েছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, র্যাব, ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং আইন মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি। উপকমিটি ইতিমধ্যে একটি সুপারিশ তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিয়েছে।উপকমিটির অন্যতম সদস্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আবু তালেব বলেন, প্রথমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা সুপারিশ নিয়ে মন্ত্রণালয়ের সভায় আলোচনা হয়। সংশ্লিষ্ট সংস্থা পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, কাস্টমস, আনসার ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছেও সুপারিশ চাওয়া হয়।সূত্র জানায়, এসব সংস্থাও মাদকের মামলাগুলোকে অজামিনযোগ্য করার সুপারিশ করেছে।গতকাল মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ে বদলি করা স্বরাষ্ট্রসচিব মনজুর হোসেন সোমবার বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের জন্য কথাবার্তা চলছে। এখনো চূড়ান্ত কিছু হয়নি।অর্থ জোগানদারকেও শাস্তির সুপারিশ: অভিযোগ রয়েছে, মাদক মামলাগুলোতে বাহকেরা ধরা পড়লেও অধিকাংশ ক্ষেত্রে এ অপরাধে অর্থ ও সম্পদ ব্যবহার করতে দেওয়া ব্যক্তিরা নেপথ্যে রয়ে যায়। এদের বিচারের সম্মুখীন করতে সংশোধিত আইনে বিধান রাখার সুপারিশ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র্যাব) কয়েকটি সংস্থা। র্যাবের সুপারিশে বলা হয়, এ-সংক্রান্ত অপরাধে কেউ যদি অর্থ বা সম্পদ ব্যবহারের অনুমতি দেন, তাহলে সংশোধিত আইনে তাঁকেও অনূর্ধ্ব পাঁচ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হোক। উপকমিটিও তাদের সুপারিশে এ বিষয়টি অন্তর্ভুক্ত করেছে।তালিকায় সিসা, কেটামিন: বিদ্যমান আইনের ১৯ ধারায় ১১ ধরনের মাদকের তালিকা রয়েছে। সংশোধিত আইনে মাদকের সংখ্যা বাড়ানোর এবং মাদকের সংজ্ঞা সুনির্দিষ্ট করার সুপারিশ করেছে উপকমিটি। কেটামিনের মতো নতুন মাদকগুলোকে তালিকায় অন্তর্ভুক্ত করার এবং ইয়াবার (মেথাএম্ফিটামিন) মতো মাদকগুলোর ক্ষেত্রে শাস্তির ধরন ও মাত্রা বাড়ানোর সুপারিশ করা হয়। সিসা ব্যবহার করে যেহেতু বিভিন্ন ধরনের মাদক সেবন করা যায়, তাই সিসাকেও মাদক হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। তবে সুপারিশে বলা হয়, পাঁচ তারকা হোটেল বা এ ধরনের প্রতিষ্ঠান লাইসেন্স নিয়ে শুধু তামাকজাতীয় বস্তু সেবনের জন্য সিসার অনুমোদন নিতে পারবে।সুপারিশে বলা হয়, মাদক রাখা আর মাদক বিক্রি—একই ধরনের অপরাধ নয়। তাই এগুলোকে ভাগ করে সুনির্দিষ্ট সাজার বিধান রাখতে হবে।দ্বিতীয়বার একই অপরাধের শাস্তি দ্বিগুণ করার সুপারিশ: মাদকসংক্রান্ত বিভিন্ন রকম অপরাধের জন্য সুনির্দিষ্টভাবে ৩১ ধরনের শাস্তির বিধান রাখার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া একবার সাজা খাটার পর কোনো ব্যক্তি আবারও একই অপরাধ করলে তার জন্য সাজার পরিমাণ দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালতের আওতা বাড়ানোর সুপারিশ: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আবু তালেব বলেন, ভ্রাম্যমাণ আদালতের ক্ষেত্রে তাৎক্ষণিক ও কার্যকরভাবে মাদক অপরাধীদের শাস্তি দেওয়া যায়। তাই সুপারিশে ভ্রাম্যমাণ আদালতের আওতা বাড়াতে অপরাধের তিনটি স্তর করা হয়েছে। এমনিতে যেসব অপরাধে পাঁচ বছর বা তার নিচে শাস্তির বিধান রয়েছে সেগুলোই ভ্রাম্যমাণ আদালতের আওতাধীন অপরাধ। সুপারিশে অপরাধগুলোর তিনটি স্তর এমনভাবে ভাগ করা হয়েছে যেন প্রায় সব ধরনের অপরাধই ভ্রাম্যমাণ আদালতের আওতায় পড়ে।সুপারিশ: উপকমিটির একজন সদস্য জানান, আইন সংশোধনের বিষয়ে র্যাব ১২টিসহ বিভিন্ন সংস্থা বিভিন্ন সুপারিশ করেছে। উপকমিটির সুপারিশে সব সংস্থার সুপারিশ অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। আবু তালেব বলেন, র্যাবকে মাদক মামলার তদন্ত ক্ষমতা দেওয়ার বিষয়টি আইনে সন্নিবেশের জন্য র্যাব সুপারিশ করেছে। কিন্তু কমিটি মনে করে, র্যাব পুলিশেরই অংশ। তাই পুলিশের তদন্ত ক্ষমতা থাকলে র্যাবের বিষয়টি আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নেই। আলামত হিসেবে র্যাবের পরীক্ষাগারের প্রতিবেদনকে আইনে অনুমোদনের জন্য র্যাব সুপারিশ করলেও কমিটি তা দিতে চাইছে না। কারণ, এক গবেষণাগার নমুনা পরীক্ষা করে একটা মত দেওয়ার পর অন্য গবেষণাগার ভিন্ন মত দিলে জটিলতা হতে পারে।এ ছাড়া সুপারিশে অন্তর্ভুক্ত করা বিষয়গুলোর মধ্যে রয়েছে: তদন্তের সময়সীমা ১৫ দিন থেকে বাড়িয়ে ৩০ দিন করা, কুরিয়ার সার্ভিসকে এই আইনে জবাবদিহির আওতায় আনা এবং যে সংস্থা মাদকদ্রব্যাদি উদ্ধার করবে, তারাই সেগুলো সংরক্ষণ করে পরে ধ্বংস বা বিলিবণ্টন করবে।উপকমিটির সদস্য র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল বলেন, রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামে বিভিন্ন মাদক বিশেষ করে ইয়াবা ছড়িয়ে পড়েছে। ইয়াবা দমনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কঠোর করা জরুরি হয়ে পড়েছে।