স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘আমাদের দেশ মাদক প্রস্তুত করে না। পার্শ্ববর্তী দেশ মিয়ানমার ও ভারত থেকে আমাদের দেশে মাদক আসে। আমরা মাদক নির্মূলের জন্য দুই দেশের সঙ্গেই কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে প্রশাসনিক প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছি।’
রাজশাহী মহানগর পুলিশের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। নগরের শহীদ মামুন মাহমুদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যখন যা বলছি, ভারত সরকার ও বিএসএফ সঙ্গে সঙ্গে তাতে সাড়া দিচ্ছে। আমাদের সীমান্তের ওপারে যে ফেনসিডিলের কারখানা তা বন্ধের প্রচেষ্টা নিয়েছে এবং সেখান থেকে যাতে মাদক না আসে, তারও প্রচেষ্টা তারা করছে। আমরা মিয়ানমারের সঙ্গেও সেই প্রচেষ্টা অব্যাহত রাখছি। মিয়ানমারও আমাদের সহযোগিতা করবে।’ আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা ২০২১ এবং ২০৪১ সালের যে বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে অবশ্যই যুবসমাজকে মাদকমুক্ত করতে হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২৫ বছর আগে চারটি থানা নিয়ে রাজশাহী মহানগর পুলিশের যাত্রা শুরু হয়েছিল। এখনো সেই অবস্থায় আছে। প্রধানমন্ত্রীর নির্দেশে রাজশাহী মহানগর পুলিশের কলেবর বৃদ্ধির জন্য আরও আটটি নতুন থানা সংযোজন করতে যাচ্ছি।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী-৫ আসনের সাংসদ আবদুল ওয়াদুদ, রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হক, রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন, সংরক্ষিত আসনের সাংসদ আখতার জাহান, রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান প্রমুখ। অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।