ইয়াবাসহ মাদক চোরাচালান বন্ধ করতে এবং রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে একযোগে কাজ করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। গতকাল রোববার কক্সবাজারে বিজিবি ও বিজিপির পতাকা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কক্সবাজার শহরের হোটেল ওশান প্যারাডাইসের সম্মেলন কক্ষে গতকাল সকাল সাড়ে ১০টায় ওই পতাকা বৈঠক শুরু হয়। বৈঠকে ২৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবির চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম।
১৭ সদস্যের বিজিপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিপির মংডু ১ নম্বর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার থিন কো কো।
সকালে ঘুমধুম সীমান্ত অতিক্রম করে উখিয়ায় আসে বিজিপির প্রতিনিধিদল। সেখান থেকে তাঁদের গাড়িতে করে কক্সবাজার নিয়ে
আসে বিজিবি। সন্ধ্যায় একই পথে বিজিপি প্রতিনিধিদল মিয়ানমারে ফিরে যায়।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবির বান্দরবান সেক্টরের কমান্ডার কর্নেল এস এম ওয়ালিউর রহমান, বিজিবি সদর দপ্তরের স্টাফ অফিসার কর্নেল সেলিম মাহমুদ চৌধুরী, বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান।
কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ইয়াবাসহ মাদক চোরাচালান বন্ধ করতে এবং রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘সম্প্রতি সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় উদ্ধার হওয়া ৫৩৯ জনকে বাংলাদেশি দাবি করে তাদের দ্রুত বাংলাদেশে ফেরত আনতে অনুরোধ জানিয়েছে বিজিপি। আমরা বলেছি, তালিকা দিলে যাছাই-বাছাই করে ব্যবস্থা নেবে বাংলাদেশ।’
বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান প্রথম আলোকে জানান, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বৈঠকে নাফ নদী অতিক্রম করে মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ বন্ধ করতে ও মাদক চোরাচালান ঠেকাতে মিয়ানমার আরও কঠোর হওয়ার আশ্বাস দিয়েছে।