মাদক ও অস্ত্র উদ্ধার, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর কাজীরবাগ ও দাগনভূঞার তুলাতলীতে গতকাল শুক্রবার ভোরে ও দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) ফেনী ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযানে একটি দেশীয় রিভলবার, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও টাকা উদ্ধার এবং একজন ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছেন।র‌্যাব সূত্র জানায়, গতকাল শুক্রবার দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) ফেনী ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আসাদুজ্জমানের নেতৃত্বে র‌্যাবের সদস্যরা ফেনী সদর উপজেলার কাজীরবাগ গ্রামের একটি বাড়িতে অভিযান চালান। এ সময় ওই বাড়ির একটি ঘর থেকে দেশীয় রিভলবার, ১০ লাখ টাকা মূল্যের ১২৫ গ্রাম হেরোইন, বিদেশি মদ, গাঁজা এবং মদ ও হেরোইন সেবনের বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মূল মাদক ব্যবসায়ী বেলাল হোসেন পালিয়ে যান। র‌্যাবের সদস্যরা ঘরে থাকা তাঁর ছোট ভাই আবুল হোসেনকে (১৮) গ্রেপ্তার করেন। এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।অপর দিকে গতকাল শুক্রবার ভোরে র‌্যাব ফেনী ক্যাম্পের সদস্যরা ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের তুলাতলী বাজারের পাশে একটি ঘর থেকে ২৮ বোতল বিদেশি মদ ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার এবং একজন ইউপি সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি হচ্ছেন স্থানীয় রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ছিদ্দিক উল্লা (৫৩) এবং একই ইউনিয়নের সেকান্দরপুর গ্রামের মো. মোস্তফা (৬০)। এ ঘটনায় দাগনভূঞা থানায় মামলা হয়েছে। ইউপি সদস্যসহ দুই আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।