মাদক ও উত্ত্যক্ত প্রতিরোধে শপথ
মাদক ও উত্ত্যক্ত প্রতিরোধে শপথ নিলেন তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা। গতকাল সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাঁরা এ শপথ নেন।
শপথ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো প্রতাপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্টার ফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুল ও মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ।
শিক্ষার্থীরা শপথ গ্রহণ করে বলে, তারা জীবনে কোনো দিন মাদক গ্রহণ বা উত্ত্যক্তসহ কোনো খারাপ কাজে জড়িত হবে না। তাদের অভিভাবকেরা বলেছেন, তাঁরা সন্তানদের মাদক ও উত্ত্যক্ত করা থেকে বিরত রাখবেন। আর শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষকেরা।
মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সোনারগাঁ থানার ওসি কামরুল ইসলাম, এএসআই মো. আজাদ প্রমুখ।