মাদক ও চুরিতে অতিষ্ঠ আমলাপাড়াবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরের আমলাপাড়ায় চুরি ও মাদকের কারবার আশঙ্কাজনক হারে বেড়েছে। ১৫ দিনের ব্যবধানে ওই এলাকায় অন্তত তিনটি চুরির ঘটনা ঘটেছে। চুরি থেকে বাদ যায়নি পুলিশ সদস্যের মোটরসাইকেলও।
আমলাপাড়া বনেদি আবাসিক এলাকা হিসেবে পরিচিত। নগরের সবচেয়ে নামী-দামি শিক্ষাপ্রতিষ্ঠান আইডিয়াল স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে এখানে। বাসা ভাড়া বেশি পাওয়ার আশায় এখানে একের পর এক গড়ে উঠেছে বহুতল ভবন।
এলাকার অনেকে বলেন, নির্মাণাধীন বিভিন্ন বহুতল ভবন ও বিআইডব্লিউটিএর মাঠে রাতের আঁধারে বসছে মাদকসেবীদের আড্ডা। এই মাদকসেবীরাই বিভিন্ন চুরির ঘটনায় জড়িত বলে তাঁদের ধারণা।
১৫ জুলাই জুমার নামাজের সময় আমলাপাড়ায় ব্যবসায়ী হানি সরদারের বাড়িতে ঢুকে চোরের দল একটি প্রাইভেটকারের দামি কাচ (লুকিং গ্লাস) খুলে নিয়ে যায়। চোরেরা দোতলায় একটি ফ্ল্যাটের দরজার তালা ভাঙারও চেষ্টা করে। তবে তারা ব্যর্থ হয়। হানিফ সরদার এ ঘটনায় এলাকার কালু মিয়ার দুই ছেলে সুজন ও সুমনকে আসামি করে নারায়ণগঞ্জ মডেল থানায় মামলা করেন। এর আগের সপ্তাহে গভীর রাতে চাষাঢ়ার হকার্স মার্কেট-সংলগ্ন দুর্গা মহলের পাশের প্রশান্তর বাড়ির জানালার গ্রিল কেটে স্বর্ণালংকার ও দামি কাপড়চোপড় নিয়ে যায় চোরের দল। ২২ জুলাই আমলাপাড়া কেসি নাগ রোড এলাকা থেকে নারায়ণগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলীর মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি থানায় জিডি করেছেন।
আমলাপাড়ার বাসিন্দা আবদুর রহিম বলেন, পুরো আমলাপাড়ায় এখন মাদক ব্যবসায়ী ও চোরদের দৌরাত্ম্য চলছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে এখানে মাদকসেবীদের আড্ডা বসে। এলাকার একটি দোকানে ও একটি বাড়িতে মদ মজুত করে বিক্রি করা হচ্ছে। মাদকসেবীরাই বিভিন্ন বাড়িতে চুরি করছে। ফলে আমলাপাড়া এখন চোর ও মাদক ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক বলেন, আমলাপাড়ায় পুলিশের নজরদারি বাড়ানো হচ্ছে।