মাদক ও চোরমুক্ত মহল্লার দাবিতে বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরের শালগাড়িয়া মহল্লায় মাদকের ব্যাপক বিস্তার ও ধারাবাহিক চুরির ঘটনা ঘটছে। ফলে বিক্ষুব্ধ এলাকাবাসী মাদক ও চোরমুক্ত মহল্লা গড়ার দাবিতে গতকাল শনিবার সকালে শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা ১১টার দিকে মহল্লাবাসী শহরের হাসপাতাল সড়কে একত্র হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে শালগাড়িয়া মহল্লাসহ পাবনা শহরে চুরি-ডাকাতি ও মাদক বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে মিছিলকারীরা একই দাবিতে শহরের আবদুল হামিদ সড়কে মানববন্ধন ও প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে মহল্লাবাসীর পক্ষে বক্তব্য দেন পাবনা পৌরসভার সাবেক কাউন্সিলর এ কে হাসান, হাসানুজ্জামান গোলজার, আবদুল লতিফ ও আতিকুজ্জামান।
সংবাদ সম্মেলনে মহল্লাবাসী জানান, জেলা শহরের সবচেয়ে বড় মহল্লা শালগাড়িয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন বসবাস করেন। অধিকাংশ মানুষই শান্তিপ্রিয়। আর এ সুযোগে একটি চক্র এই মহল্লায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তোলে। একই সঙ্গে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালাতে থাকে। সাম্প্রতিক সময়ে তারা ধারাবাহিকভাবে প্রায় ১০টি বাড়িতে চুরির ঘটনা ঘটনায়। এতে অতিষ্ঠ হয়ে মহল্লাবাসী বাধ্য হয়ে সংঘবদ্ধ হতে শুরু করেন।
মহল্লাবাসী আরও জানান, ১০ জুন এই চোরচক্র শালগাড়িয়া মহল্লার বাসিন্দা ও জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বাড়িতে দিনের বেলায় চুরি করে। তারা নগদ ১৫ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এরপর থেকে সংঘবদ্ধ এলাকাবাসী চোর ধরার মিশনে নামেন। একপর্যায়ে তাঁরা মহল্লার কিছু বখাটে যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে চুরি ও মাদক ব্যবসায় জড়িত বিভিন্নজনের নাম উঠে আসে। বখাটেদের দেওয়া তথ্যমতে মহল্লাবাসী আরিফ হোসেন ওরফে টিংকু নামে যুবলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটকের পর তিনি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে পুলিশ তাঁকে জেলহাজতে পাঠায়।
সাবেক কাউন্সিলর এ কে এম হাসান বলেন, ‘একটি চক্রই ওই মহল্লায় মাদক ব্যবসা ও চুরি, ডাকাতিসহ সব অপকর্ম চালাচ্ছে। পুলিশ তাদের ধরতে পারলেই মহল্লাটি মাদক ও চোরমুক্ত হবে। তাই আমরা অবিলম্বে এই চক্রের প্রত্যেক সদস্যকে গ্রেপ্তারের দাবি জানাই।’
এ প্রসঙ্গে পাবনার নবাগত পুলিশ সুপার (এসপি) আলমগীর কবীর বলেন, ‘চুরি, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে আমরা ইতিমধ্যেই ব্যাপক অভিযান শুরু করেছি। জেলা শহরের প্রতিটি মহল্লায় টহল বাড়ানো হয়েছে। আশা করছি, শিগগিরই পাবনা শহর মাদক ও চোরমুক্ত হবে।’