রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মাদকের অপব্যবহার ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে, বিশেষ করে স্কাউটদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৪৫তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
স্কাউটদের কল্যাণমূলক কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, তরুণসমাজকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য স্কাউটিং একটি যথাযথ প্ল্যাটফর্ম। দেশে স্কাউট আন্দোলন জোরদার করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে। সব শিক্ষাপ্রতিষ্ঠানে এসব কর্মসূচি চালু করতে প্রচেষ্টা চালানোর জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
দেশে বর্তমানে ১৫ লাখ স্কাউট রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশের স্কাউট সংখ্যা ২১ লাখে উন্নীত করার লক্ষ্য রয়েছে। দেশে বর্তমানে গার্লস স্কাউটের সংখ্যা ১ লাখ ৮০ হাজার উল্লেখ করে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গার্ল স্কাউটের সংখ্যা বাড়ানোর আহ্বানও জানান।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি স্কাউটের সর্বোচ্চ পুরস্কার ‘রৌপ্য ব্যাঘ্র’ দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘রৌপ্য ইলিশ, ‘প্রেসিডেন্টস রোভার স্কাউট’ এবং ‘প্রেসিডেন্টস স্কাউট’ পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে ৮ স্কাউটকে ‘রৌপ্য ব্যাঘ্র’ ও ১৮ জনকে ‘রৌপ্য ইলিশ’ পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার মো. মোজাম্মেল হক খান।