মাদক ও জঙ্গিমুক্ত রংপুর গড়তে সাড়ে তিন লাখ শিক্ষার্থীর শপথ

গতকাল বুধবার জেলার ৮৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী একযোগে শপথবাক্য পাঠ করেছে
রংপুরকে মাদক ও জঙ্গিমুক্ত করার অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল বুধবার জেলার ৮৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী একযোগে শপথবাক্য পাঠ করেছে। একসঙ্গে এত শিক্ষার্থীর শপথ অনুষ্ঠান দেশে আগে কোথাও হয়নি বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এখানে একসঙ্গে ২০ হাজারের বেশি শিক্ষার্থী শপথবাক্য পাঠ করে। এখানে পুলিশ লাইনস স্কুল ও কলেজ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, রংপুর উচ্চবিদ্যালয়, রংপুর শিশুনিকেতন উচ্চবিদ্যালয়, কৈলাশরঞ্জন উচ্চবিদ্যালয়, সাতগাড়া হাফিজিয়া মাদ্রাসা, জুম্মাপাড়া মাদ্রাসাসহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টায় পুলিশ লাইনস স্কুল ও কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এ সময় ডিআইজি খন্দকার গোলাম ফারুক জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর শপথবাক্য পাঠের আগে সংক্ষিপ্ত আলোচনায় জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর পুলিশ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক। অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি যথাক্রমে বশির আহমেদ ও চৌধুরী মঞ্জুরুল কবির, পুলিশ লাইনস স্কুল ও কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন আকবর। শপথবাক্য পাঠ করান পুলিশ সুপার মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, তোমরাই একদিন দেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান চালাবে। আজকের এই শপথবাক্য অনুষ্ঠানের মতো তোমরাও শপথবাক্য পাঠ করাবে।
একসঙ্গে এত শিক্ষার্থীর আলোকিত মুখ দেখে বক্তারা আরও বলেন, এমন একটা সমাজ গঠন করার অঙ্গীকার করতে হবে, যেখানে থাকবে না মাদক। থাকবে না জঙ্গি। বিশ্বের মানচিত্রে দেশকে তুলে ধরতে হবে। তোমরাই এগিয়ে নেবে এই দেশকে।
একই সঙ্গে জেলার সাতটি উপজেলা রংপুর সদর, গঙ্গাচড়া, বদরগঞ্জ, কাউনিয়া, মিঠাপুকুর, পীরগাছা ও পীরগঞ্জ উপজেলার ৮৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে শপথবাক্য পাঠ অনুষ্ঠানে অংশ নেয়।