মাদক ও জুয়ার আসরে অভিযান, জেল-জরিমানা
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে এক রাতে মাদক ও জুয়ার আসর থেকে ১৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ জনকে জরিমানা করা হয়।পুলিশ সূত্র জানায়, পুলিশের চারটি দল গত রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের রোয়াইলবাড়ি বাজার, সান্দিকোনা ইউনিয়নের হরিনগর ও মাসকা ইউনিয়নের মাসকাবাজারের মাদকের আসর থেকে ১০ জন এবং গড়াডোবা ইউনিয়নের ভূঁইয়া বাজারের জুয়ার আসর থেকে ছয়জনকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গাঁজা সেবনের দায়ে আটজনকে তিন হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া ছয়জনকে ৩০০ টাকা করে জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করে ওই ১৪ জন ছাড়া পান। তবে গাঁজাসহ আটক হাছান আলী (৫১) ও ইউসুফ ফকিরের (৫৫) বিরুদ্ধে থানায় মামলা হলে গতকাল সোমবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।