মাদক ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার শপথ কৃতী শিক্ষার্থীদের
ফুলের মতো জীবন এবং মাদক, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা। দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে গতকাল শনিবার এক সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা ওই শপথ নেয়। স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর আসনের সাংসদ ইকবালুর রহিম। অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষাবিদ মো. ছফর আলী, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হাসনিন আরা বেগম, কেবিএম কলেজের অধ্যক্ষ সাইফুদ্দিন আখতার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ধনঞ্জয় কুমার দাস, কৃতী শিক্ষার্থী তানজিলা সৈয়দা সুষমা ও রওনক বর্মণ। অনুষ্ঠানে দিনাজপুর বোর্ডের অধীনে ২০১০ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় সদর উপজেলা থেকে জিপিএ-৫ পাওয়া ৫৫৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।শিক্ষাবিদ মো. ছফর আলী শিক্ষার্থীদের ফুলের মতো কলুষমুক্ত জীবন গড়ার শপথ করান। দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এ অনুষ্ঠান চলে। সাংসদ ইকবালুর রহিমের পৃষ্ঠপোষকতায় এবং দিনাজপুর জিলা স্কুলের আয়োজনে এ অনুষ্ঠান হয়।