মাদক ও সন্ত্রাস নির্মূলের দাবি কেরানীগঞ্জবাসীর
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা চত্বরে গতকাল বৃহস্পতিবার সকালে ‘মাদক, ইভটিজিং ও সন্ত্রাস নির্মূলে কমিউনিটি পুলিশের ভূমিকা’ শীর্ষক এক উন্মুক্ত মতবিনিময় সভা (ওপেন হাউস ডে) অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জবাসীর পক্ষে বক্তারা এ সময় উপজেলা থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলের দাবি জানান।বক্তাদের বিভিন্ন অভিযোগ ও দাবির পরিপ্রেক্ষিতে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও কমিউনিটি পুলিশের সমন্বয়ে একটি করে কমিটি গঠন করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন। কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল) মো. জাকারিয়া, সহকারী পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মো. ফারুক হোসেন, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মাহিন উদ্দিন, স্থানীয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শীলারা ইসলাম, আগানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ, শাক্তা ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, কোন্ডা ইউপি চেয়ারম্যান মো. আতিক উল্লাহ চৌধুরী, জিনজিরা ইউপি চেয়ারম্যান ওয়ারেছউদ্দিন, ইউপি সদস্য শহীদুল ইসলাম, মাজেদা বেগম প্রমুখ।ইউপি সদস্য শহীদুল ইসলাম বলেন, ঢাকা-নবাবগঞ্জ সড়কের কোনাখোলা এলাকায় ডায়মন্ড মেলামাইন কারখানার কাছে প্রায় রাতেই ডাকাতের দল যানবাহন থামিয়ে মালামাল লুট করে। হযরতপুর মধুরচর প্রাথামিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, সিরাজপুর পশুহাটের গরু ব্যবসায়ীরা সন্ধ্যার পর ফেরার পথে ইটাভাড়া আলীপুর সেতুর সামনে ডাকাতেরা পথ রোধ করে তাঁদের টাকা-পয়সা লুটে নেয়। এ ব্যাপারে কলাতিয়া পুলিশ ফাঁড়িকে একাধিকবার জানানোর পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কদমতলী এলাকার বাসিন্দা হাজি মো. ওলিউর রহমান বলেন, আমবাগিচা থেকে কদমতলী ও যাওবাড়ী সেতুর কাছে প্রতিদিন সন্ধ্যার পরে হেরোইন ও গাঁজা বিক্রি হয়। এ সময় মাদকসেবীরা পোশাককর্মী কিশোরী ও নারীদের উত্ত্যক্ত করে থাকে। ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, তাঁর ইউনিয়নে মাদক ও সন্ত্রাসী তৎপরতা বেড়েছে। ইউপি চেয়ারম্যান মো. ওয়ারেছ উদ্দিন জানান, তাঁর এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, ছিনতাই, মাদক ব্যবসা ও হত্যাকাণ্ড বেড়েছে। ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ জানান, ইমামবাড়ীর কবরস্থান, আমবাগিচা ও দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর দক্ষিণ পাশে শহীদনগর এলাকায় প্রায়ই ছিনতাই হয় ও মাদক ব্যবসা চলে।অনুষ্ঠানের সভাপতি কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ বলেন, দিনে দিনে এই উপজেলায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে। বাড়ছে সন্ত্রাসী কর্মকাণ্ডও। মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে পারলে অপরাধ অনেকটাই কমে যাবে। প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন বলেন, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে।