মাদক কেড়ে নিল দুজনের প্রাণ
তিন দিনের ব্যবধানে কিশোরগঞ্জে মাদকাসক্ত দুই কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁরা হলেন কুলিয়ারচর উপজেলা শহরের বড়খারচর গ্রামের ছোটন মিয়া (১৮) ও ভৈরব পৌর শহরের পুকুরপাড় মহল্লার জুয়েল মিয়া (১৫)।
পারিবারিক সূত্র জানায়, ছয় মাস আগে জুয়েল মাদকাসক্ত হয়ে পড়ে। নেশার টাকার জন্য সে ঘরের আসবাব থেকে শুরু করে সবকিছু বিক্রি করেছে। গত ৩০ জুলাই নেশার টাকার জন্য জ্বালাতন শুরু করলে পরিবারের সদস্যরা তাকে শিকল দিয়ে বেঁধে একটি কক্ষে আটকে রাখেন। পরদিন ওই কক্ষে ঢুকে গলায় শিকল প্যাঁচানো অবস্থায় জানালার সঙ্গে জুয়েলের লাশ ঝুলতে দেখা যায়। জুয়েলের বাবা ফরিদ মিয়া বলেন, ‘আমার ধারণা, নেশা ওঠার পর হাতের কাছে মাদক না পেয়ে সে হয়তো আত্মহত্যা করেছে।’
কুলিয়ারচরের বড়খারচর গ্রামের ছোটন মিয়া কয়েক বছর আগে মাদকাসক্ত হয়ে পড়েন। গত ২৭ জুলাই কুলিয়ারচর উপজেলা পরিষদ সংলগ্ন একটি খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। আগের দিন তিনি নেশার টাকার জন্য ঝগড়া করে ঘর থেকে বের হয়ে যান। কুলিয়ারচর থানার ওসি সুব্রত কুমার বলেন, লাশের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নেশাগ্রস্ত হওয়ায় তিনি পানিতে পড়ে মারা যেতে পারেন।