মাদক কেড়ে নিল প্রাণ!
মাছ বিক্রি করে সংসার চালাতেন মৌলভীবাজারের জুড়ীর বীরগোয়ালী গ্রামের কালা মিয়া (৪২)। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই লোকটি একসময় মাদকাসক্ত হয়ে পড়েন। গতকাল বুধবার সকালে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ, এলাকাবাসী ও পরিবার জানান, কালা মিয়া এলাকার বিভিন্ন খামার থেকে মাছ কিনে স্থানীয় হাট-বাজারে বিক্রি করতেন। বেশ কিছুদিন ধরে তিনি মাদক সেবন করতেন। মাছ বিক্রির উদ্দেশে গত মঙ্গলবার বিকেলের দিকে তিনি বাড়ি থেকে বের হন। পরে আর বাড়ি ফেরেননি। গতকাল সকাল সাতটার দিকে বাড়ির পাশে কাপনাপাহাড় চা-বাগান বাজার এলাকায় জুড়ী-ফুলতলা সড়কে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে সকাল সোয়া ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে স্বজনেরা সেখানে গিয়ে লাশটি কালা মিয়ার বলে শণাক্ত করেন। জুড়ী থানার এসআই কামাল হোসেন বলেন, অতিরিক্ত মদপানে তিনি মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।