মাদক কেনার টাকা না পেয়ে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক কেনার টাকা না পেয়ে এক তরুণ তাঁর এক ভাবিকে ছুরিকাঘাত এবং আরেক ভাবি ও মাকে মারধর করেছেন। গত বৃহস্পতিবার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ওই তরুণকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্রীপুর গ্রামের আবদুল জলিল মণ্ডলের ছেলে রুহেল মণ্ডল (২৫) মাদক কেনার জন্য তাঁর ভাবি নিলুফা ইয়াসমিনের (২৮) কাছে টাকা চান। টাকা দিতে রাজি না হওয়ায় তিনি নিলুফাকে মারধর করেন। এ সময় তাঁর আরেক ভাবি ফাহিমা বেগম (২৪) ও মা সাহারা বেগম (৫৫) এগিয়ে এলে তিনি তাঁদেরও মারধর করেন। একপর্যায়ে রুহেল নিলুফার পেটে ছুরিকাঘাত করেন। তিনি বাড়ি থেকে চলে যাওয়ার সময় এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশ সোপর্দ করেন। একই সময় তাঁরা নিলুফাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সাহারা ও ফাহিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেঞ্চদ বলেন, এ ঘটনায় আবদুল জলিল বাদী হয়ে তাঁর ছেলে রুহেলের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মামলা করেছেন। তাঁকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।