মাদক কেড়ে নিচ্ছে বাবা-ছেলের বন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগেও মা-বাবার চোখে চোখ রেখে কথা বলার সাহস দেখাতেন না আমির হোসেন (১৮)। কোনো প্রয়োজন বিনয় দিয়েই আদায় করতেন তিনি।
দুই বছরের ব্যবধানে সেই আমির এখন মা-বাবার শরীরে হাত তুলতে দ্বিধা করছেন না। ঘরের আসবাব বিক্রি করে দিয়েছেন। আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন বসতঘরটিও। মাত্র দুই বছরের ব্যবধানে আমিরের জীবনের এমন নেতিবাচক পরিবর্তনের একমাত্র কারণ মাদক। চেয়ে নেশার টাকা না পেলেই জন্মদাতার সম্পর্ক ভুলে বসেন তিনি। উপায় না পেয়ে বাবা আওয়াল মিয়া ১৩ এপ্রিল পুলিশে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে উপাজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জাহাঙ্গীর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আমিরকে এক বছরের কারাদণ্ড দেন। এ ঘটনা কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের পূর্ব মথুরাপুর মহল্লার। বাজিতপুর ও ভৈরবে এমন অভিযোগের সংখ্যা বাড়ছে।
আমিরের বাবা আওয়াল মিয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, ‘কী কমু। একসময় যে ছেলে আমার চোখের দিকে তাকাইয়া কথা কইত না, আইজ হেই ছেলে হাতে লাঠি লই।’ মাদক সেবনের কারণ জানতে চাইলে পুলিশ হেফাজতে আমির বলেন, ‘অনেকে খাই, আমিও খাইছি। সমাজ নষ্ট হইলে, আমি কী করুম।’
এ ঘটনার দুই দিন আগে ১১ এপ্রিল একই অপরাধে পৌর সদরের পূর্ব কৈলাকপুর মহল্লার খোকন মিয়াকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। খোকনের বাবা আ. খালেক বলেন, ‘নেশা বাব-ছেলের পরিচয় নষ্ট কইরা দিছে। এর কাছে কোনো কিছুই, কিছু না।’
পুলিশ জানায়, এক সপ্তাহ আগে আরও দুই অভিভাবক একই ধরনের অভিযোগ নিয়ে এসেছেন। বাজিতপুর থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, ‘একটি সুখী পরিবারের সুখ নষ্ট হওয়ার জন্য একজন মাদকসেবী সদস্যই যথেষ্ট। কতটা অসহায় হয়ে পড়লে জন্মদাতা তাঁর সন্তানকে পুলিশের হাতে দিতে পারে, তা কাছ থেকে দেখছি।’
সম্প্রতি ভৈরবে রবিউল আলম (১৮) নামে এক তরুণকে এক বছরের সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। রবিউলের বাড়ি পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়ায়। একই অভিযোগে উপজেলার কালিকাপ্রসাদ উত্তর পাড়ার শাহজাহান মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে এক বছর এবং ভৈরবপুর উত্তর পাড়ার স্বপন মিয়াকে (২২) ছয় মাসের সাজা দেওয়া হয়। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ ওই সব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানতে চাইলে সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক সমীর চক্রবর্তী বলেন, ‘আধুনিকতা, গতিশীল সমাজব্যবস্থা আর তথ্যপ্রযুক্তির উৎকর্ষের কারণে এমনিতেই আমাদের পারিবারিক সম্পর্কগুলো আজ আর শক্ত ভিতে দাঁড়িয়ে নেই। এ অবস্থায় মাদকের ভয়াবহতা পারিবারিক সম্পর্কের ভিত আরও দুর্বল করে দিচ্ছে।’