মাদক কেড়ে নিল দুই কিশোরের প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের ব্যবধানে কিশোরগঞ্জে মাদকাসক্ত দুই কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁরা হলেন কুলিয়ারচর উপজেলা শহরের বড়খারচর গ্রামের ছোটন মিয়া (১৮) ও ভৈরব পৌর শহরের পুকুরপাড় মহল্লার জুয়েল মিয়া (১৫)। পারিবারিক সূত্র জানায়, এক বছর আগেও জুয়েল স্বাভাবিক জীবন যাপন করছিল। ছয় মাস আগে সে মাদকাসক্ত হয়ে পড়ে। নেশার টাকার জন্য সে ঘরের আসবাব থেকে শুরু করে সবকিছু বিক্রি করেছে। কয়েক দিন ধরে টাকা না পাওয়ায় সে পরিবারের সদস্যদের মারধর করছিল। গত ৩০ জুলাই নেশার টাকার জন্য জ্বালাতন শুরু করলে পরিবারের সদস্যরা তাকে শিকল দিয়ে বেঁধে একটি কক্ষে আটকে রাখেন। পরদিন ওই কক্ষে ঢুকে গলায় শিকল প্যাঁচানো অবস্থায় জানালার সঙ্গে জুয়েলের লাশ ঝুলতে দেখা যায়। জুয়েলের বাবা ফরিদ মিয়া বলেন, ‘মাদক না পেলে জুয়েল নিজের মাথা নিজেই ফাটাইয়া ফালাইত। আমার ধারণা, নেশা ওঠার পর হাতের কাছে মাদক না পেয়ে সে হয়তো আত্মহত্যা করেছে।’কুলিয়ারচরের বড়খারচর গ্রামের ছোটন মিয়া লঞ্চে শ্রমিক হিসেবে কাজ করতেন। কয়েক বছর আগে সঙ্গদোষে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। গত ২৭ জুলাই কুলিয়ারচর উপজেলা পরিষদ সংলগ্ন একটি খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। আগের দিন তিনি নেশার টাকার জন্য ঝগড়া করে ঘর থেকে বের হয়ে যান। ছোটনের বাবা ছিদ্দিক মিয়া বলেন, ‘নেশা ছোটনরে গিলছে। কত না করলাম, হুনল না।’কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা বলেন, ছোটনের শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অতিমাত্রায় নেশাগ্রস্ত হওয়ায় তিনি পানিতে পড়ে মারা যেতে পারেন।