মাদক, চাঁদাবাজি, ডাকাতিতেও জড়িত যুবলীগের নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুন, চাঁদাবাজি, ডাকাতি, দখলবাজি, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র রাখা ও পুলিশের ওপর হামলা—এ রকম নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে আওয়ামী যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

প্রথম আলোর অনুসন্ধানে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বেশ কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও হিমশিম খেতে হয় বলে অভিযোগ রয়েছে। অবশ্য এই অভিযোগ মানতে রাজি নন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) মো. আবদুল জলিল মণ্ডল। তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, অপরাধে যুক্ত যুবলীগ কিংবা ছাত্রলীগ যে সংগঠনের সদস্যই হোক না কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত ২৯ জুলাই রাতে গুলশানে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কিকে গুলি করে হত্যা করার পর অপরাধ জগতের লোকদের যুবলীগের কমিটিতে স্থান পাওয়ার বিষয়টি আলোচনায় আসে।

এই খুনের ঘটনায় সরাসরি জড়িত হিসেবে চিহ্নিত যুবলীগের একই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জাহিদ সিদ্দিকী ওরফে তারেক কদিন পর র‌্যাবের ‘ক্রসফায়ারে’ নিহত হন।

চাঁদাবাজি ও টেন্ডারবাজির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে রিয়াজুলকে হত্যা করা হয়েছে বলে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টরা নিশ্চিত হয়েছেন।

রিয়াজুল হত্যার ঘটনায় তাঁর ভাই মেজর রাশেদুল হক খান মিল্কি বাদী হয়ে গুলশান থানায় যে হত্যা মামলা করেন, তাতে যুবলীগের ১১ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন ওরফে চঞ্চল ও মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ওরফে আরিফ অন্যতম। এই দুজনও রাজধানীর অপরাধ জগতের অন্যতম নিয়ন্ত্রক বলে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে। তাঁরা এখন পলাতক।

গত ১৭ জুলাই মিরপুর থানার মণিপুরে ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী জহিরুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পুলিশ জানায়, ছিনতাই ও ডাকাতির টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে নিজ দলের লোকদের হাতে তিনি খুন হয়েছেন। এ ঘটনার প্রধান সন্দেহভাজন ওয়ার্ড যুবলীগের কর্মী এমদাদুল হকের বিরুদ্ধে থানায় ডাকাতির মামলায়ও রয়েছে।

চাঁদাবাজিতে সম্পৃক্ততা: পুলিশ, যুবলীগ ও স্থানীয় একাধিক সূত্র থেকে জানা গেছে, যুবলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কাজী আনিস রাজধানীর গুলিস্তান, জয়কালী মন্দির, কাকরাইল ও মতিঝিল এলাকায় অবৈধ চাঁদাবাজির নিয়ন্ত্রণ করেন। তাঁর হাত দিয়েই চাঁদাবাজির ভাগ যায় ওপর মহলে। বর্তমান কমিটিতে স্থান পাওয়ার আগের দিন পর্যন্ত কাজী আনিস যুবলীগের কার্যালয়ের অফিস সহকারী (পিয়ন) ছিলেন। নেতা হওয়ার পর তিনি এখন বিত্তবৈভবের মালিক। ধানমন্ডির ৫ নম্বর সড়কে যুবলীগের চেয়ারম্যানের বাসার বিপরীত দিকে নিজস্ব ফ্ল্যাটে থাকেন, চলাফেরা করেন নিজের গাড়িতে। প্রথম আলোর কাছে চাঁদাবাজিতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন কাজী আনিস। তিনি দাবি করেন, যুবলীগের কার্যালয়ের অফিস সহকারী থাকলেও বেতন নিতেন না। সংগঠনকে ভালোবেসে বিনা বেতনে চাকরি করতেন।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম তেজগাঁও এলাকায় চাঁদাবাজি, সরকার দপ্তরের দরপত্র ও পোশাক কারখানার ঝুট কাপড়ের ব্যবসা নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ রয়েছে। চলতি বছরের শুরুতে সড়ক ভবনে দরপত্র নিয়ন্ত্রণ নিয়ে একজনকে গুলি করে আলোচনায় আসেন রফিকুল।

দরপত্রকে কেন্দ্র করে রফিকুল কিছুদিন আগে বিজি প্রেসের সহকারী পরিচালক আইয়ুব আলী খানকে পিটিয়েছেন। বিজি প্রেসের ভেতরে রংধনু ক্লাব হল রফিকুল ও তাঁর বাহিনীর অন্যতম আস্তানা।

কয়েক মাস ওয়াসার ঠিকাদার সমিতির সভাপতি মহীউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মনির হোসেনকে অস্ত্রের মুখে তুলে রংধনু ক্লাবে নিয়ে যান রফিকুল। পরে র‌্যাব গিয়ে দুই ঠিকাদারকে উদ্ধার করে। তবে কোনো মামলা হয়নি। এর আগে গত জুনে কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে থেকে ঠিকাদারকে তুলে নিয়ে ১০ লাখ টাকা নিয়ে যায় রফিকুল বাহিনী। এ নিয়েও মামলা করার সাহস করেননি ওই ব্যক্তি।

পুলিশ ও র‌্যাব জানিয়েছে, রিয়াজুল হত্যার ঘটনায় রফিকুলের নামও এসেছে। এরপর তিনি গা ঢাকা দেন। গত সপ্তাহে রফিকুলের আস্তানা রংধনু ক্লাব বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও অঞ্চলের উপকমিশনার বিপ্লব কুমার সরকার।

যুবলীগের ৪৬ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী জাকির হোসেন ও মো. জুয়েল গত ৩০ জুলাই মোহাম্মদপুরের হুমায়ুন রোডে ঢাকা জেনারেল ও অর্থোপেডিক হাসপাতালের মালিকের কাছে ‘ঈদ বকশিশের’ নামে চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁরা তাঁকে হুমকি দিয়ে যাচ্ছেন। ওই হাসপাতালের মালিক নাম প্রকাশ করে পত্রিকায় বক্তব্য দিতেও ভয় পাচ্ছেন, মামলা করা তো দূরের কথা।

গত ৮ জুলাই চিড়িয়াখানার পার্কিংয়ের ইজারাদার আবদুল মতিনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন ৯৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য জহির। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মতিনকে মারধর করে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন জহির ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় শাহ আলী থানায় চাঁদাবাজির মামলা হয়েছে।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, মামলা হওয়ার জহির এলাকা ছেড়ে পালিয়েছেন।

পুলিশ জানায়, অস্ত্র মামলায় জহির গ্রেপ্তার হয়ে ছয় বছর জেল খেটেছেন। এরপর বেরিয়ে মাদক ব্যবসায়ও জড়িয়ে পড়েছেন। তিনি জাতীয় উদ্ভিদ উদ্যান, চিড়িয়াখানা ও পাশের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কামরুল হাউজিংয়ে চাঁদাবাজির নিয়ন্ত্রণ করেন। সন্ত্রাসের অভিযোগে তাঁর বিরুদ্ধে শাহ আলী থানায় ২০টি জিডি আছে।

মিরপুর ১ নম্বরে কো-অপারেটিভ মার্কেট, হক প্লাজা, শাহ আলী শপিং সেন্টার এবং এর বিপরীত পাশের কাঁচা বাজারসহ ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজি করেন দারুস সালাম থানা যুবলীগের এক নেতা। ওই নেতা মিরপুরের প্রিন্স গ্রুপের মালিক কাজী মো. শহীদুল্লাহ হত্যা মামলার আসামি।

মহানগর যুবলীগের (উত্তর) সহসভাপতি আশিকুর রহমান সন্ত্রাসের অভিযোগে একাধিক মামলার আসামি।

যুবলীগের ঢাকা মহানগরের ৮৫ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য মো. জুয়েল যাত্রাবাড়ীর মৎস্য আড়ত এবং ওই এলাকায় চলাচলকারী হিউম্যান হলার থেকে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ রয়েছে।

গত ৩১ জুলাই কদমতলী থানার পুলিশ জুরাইন এলাকায় চাঁদাবাজির অভিযোগে যুবলীগের সদস্য আবদুর রহমানকে গ্রেপ্তার করে। তিনি ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সদস্য। তাঁর বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে দুটি মামলা রয়েছে বলে জানান কদমতলী থানার ওসি মাজহারুল ইসলাম।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সদস্য মাসুদুর রহমানের বিরুদ্ধে শ্যামপুর থানায় মামলা করেন বুড়িগঙ্গা সেতু টোল প্লাজার ইজারাদার মোহাম্মদ আলী। চাঁদা না দেওয়ায় মাসুদুর টোল প্লাজায় আগুন দেন বলে মামলায় অভিযোগ করা হয়।

পুলিশের ওপর হামলা: মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিকের বিরুদ্ধে শ্যামলী এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাঁর বাহিনীর চাঁদাবাজির ঘটনায় একটি মামলার তদন্ত করতে গিয়ে দুই দফা হামলার শিকার হন শেরেবাংলা নগর থানার তিন উপপরিদর্শক (এসআই)। সর্বশেষ ৩ আগস্ট হামলার পর শিবলীকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। পরে আবার মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দিতে বাধ্য করা হয়। এ ঘটনায় পুলিশ কোনো মামলা করেনি।

হামলার শিকার একজন কর্মকর্তা জানান, ওপর মহলের নির্দেশে শিবলীকে থানা থেকে ছেড়ে দিতে বাধ্য হন তাঁরা।

জানতে চাইলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন প্রথম আলোকে বলেন, মামলা না হলেও শিবলীর বিরুদ্ধে দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ।

অবশ্য শিবলী সাদিক দাবি করেন, তিনি পুলিশের ওপর হামলা করেননি। পুলিশ তাঁকে বিনা কারণে ধরে নিয়ে নির্যাতন করেছে।

মাদক ব্যবসা: শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক শেখ মামুন সম্প্রতি মিয়ানমারে গ্রেপ্তার হয়ে সেখানকার কারাগারে আছেন। জানা গেছে, মাদকদ্রব্য ইয়াবার চালান আনতে গিয়ে শেখ মামুন সীমান্তে মিয়ানমারের পুলিশের হাতে ধরা পড়েন।

গত ৬ জুন নগরের কদমতলী এলাকা থেকে ৬০০ ইয়াবা বড়িসহ ৮৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মো. শাকিলকে গ্রেপ্তার করে পুলিশ।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, শাকিলের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তিনি এখন কারাগারে।

শাকিলের বিরুদ্ধে মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগে শ্যামপুর ও কদমতলী থানায় একাধিক জিডি আছে।

গত বছরের জানুয়ারিতে ডিবি পুলিশ আগারগাঁও থেকে সাড়ে ১৬ হাজার ইয়াবা বড়িসহ যুবলীগের আমির হামজা ওরফে উজ্জ্বলকে গ্রেপ্তার করে। তিনি যুবলীগের ৪০ নম্বর ওয়ার্ডের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক। তবে ওই কমিটি এখনো ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন শেরেবাংলা থানা যুবলীগের নেতা মিজানুর রহমান।

ডাকাতি: ডাকাতি মামলায় কারাগারে আছেন যুবলীগের ঢাকা মহানগর কমিটির ধর্মবিষয়ক উপসম্পাদক আবদুল হান্নান। গত বছরের আগস্টে মানিকগঞ্জের ঘিওরে একটি ডাকাতির ঘটনায় তাঁকে পুলিশ গ্রেপ্তার করে।

২০১২ সালের ২২ সেপ্টেম্বর আদাবরে এক ব্যবসায়ীর বাসায় ডাকাতি করে ১২০ ভরি সোনা, টাকাসহ লুটের ঘটনা গ্রেপ্তার হন যুবলীগের সাত কর্মী। তাঁরা হলেন খোরশেদ আলম ওরফে সেলিম, মোস্তফা ওরফে রিংকু, শফিকুল ইসলাম, আবদুর রাজ্জাক, মনিরুজ্জামান, নিয়ামত আখলাক হোসেন ও আনিসুর রহমান। এঁরা সবাই পরে জামিনে বেরিয়ে আসেন।

মামলার বাদী ফরহাদ আহমেদ প্রথম আলোকে বলেন, রাজনৈতিক চাপে পড়ে তিনি মামলার খোঁজ নেওয়া থেকে সরে এসেছেন।

মামলার তদন্ত-তদারক কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার বাকী বিল্লাহ জানান, গ্রেপ্তার হওয়া যুবলীগের নেতাদের বিরুদ্ধে ডাকাতিতে জড়িত থাকার সম্পৃক্ততা পাওয়া গেছে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে।

অস্ত্র মামলা: গত বছরের ২৯ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লালবাগ থানা যুবলীগের কর্মী সাগর আহমেদ অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার হন। এ ঘটনায় পুলিশের করা মামলার তদন্ত কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন বলেন, সাগরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

সংগঠনের নেতা-কর্মীদের এভাবে একের পর এক অপরাধে জড়িয়ে পড়ার দায় নিতে রাজি নন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, যাঁদের বিরুদ্ধেই অভিযোগ আসছে, সংগঠনের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা হচ্ছে।