মাদক চোরাচালান বন্ধে সোচ্চার থাকার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়ায় গতকাল মাদকবিরোধী মানববন্ধনে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। ছবিটি কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া অংশের মরিচ্যা বাজার এলাকা থেকে বেলা ১১টায় তোলা l ছবি: প্রথম আলো
কক্সবাজারের উখিয়ায় গতকাল মাদকবিরোধী মানববন্ধনে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। ছবিটি কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া অংশের মরিচ্যা বাজার এলাকা থেকে বেলা ১১টায় তোলা l ছবি: প্রথম আলো

মাদক থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে কক্সবাজারের উখিয়ায় সচেতনতামূলক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এতে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীরা মাদকমুক্ত জীবন গড়ার পাশাপাশি ইয়াবাসহ মাদক চোরাচালান বন্ধে সোচ্চার থাকার অঙ্গীকার করে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কক্সবাজার-টেকনাফ সড়কে এ কর্মসূচি পালন করা হয়। উখিয়া উপজেলার মরিচ্যা বাজার থেকে পালংখালী স্টেশন পর্যন্ত কক্সবাজার-টেকনাফ সড়কের প্রায় ৩০ কিলোমিটার এলাকায় এ মানববন্ধন করা হয়।
উখিয়া ডিগ্রি কলেজ, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজ, মরিচ্যা মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয়, উখিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়, ফারিরবিল মিনহাজুল ইসলাম কোরআন মাদ্রাসা, উখিয়া বালিকা উচ্চবিদ্যালয়, কুতুপালং উচ্চবিদ্যালয়সহ ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা মানববন্ধনে অংশ নেয়। কক্সবাজার জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে পালংখালী বাজারে মাদকবিরোধী সমাবেশ হয়। এতে বক্তব্য দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈন উদ্দিন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সুবোধ কুমার বিশ্বাস, পরিদর্শক তপন কান্তি শর্মা, উখিয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হান ইসলাম, পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) গফুর উদ্দিন চৌধুরী প্রমুখ।
ইউএনও বলেন, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নিজেরা মাদক থেকে দূরে থাকতে হবে। অন্যদেরও মাদকের ছোবল থেকে নিরাপদ রাখার চেষ্টা চালাতে হবে।