মাদক চোরাচালানের নিরাপদ রুট পীরগঞ্জের পূর্ণিয়া সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পূর্ণিয়া সড়কটি এখন মাদক চোরাচালানের নিরাপদ রুটে পরিণত হয়েছে। উপজেলা ও জেলা সদর থেকে দূরবর্তী অবস্থানে হওয়ায় সড়কসংলগ্ন বাজারগুলো মাদকসেবী ও ক্রেতা-বিক্রেতাদের অভয়াশ্রমে পরিণত হয়েছে। এ অবস্থায় এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি করেছে এলাকাবাসী।জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার ঢেরাপটিয়া মোড় থেকে সীমান্ত এলাকা দিয়ে বোচাগঞ্জ উপজেলা হয়ে পীরগঞ্জের বৈরচুনা, চন্দরিয়া ও ফকিরগঞ্জ সীমান্তবর্তী বাজারগুলো ছুঁয়ে গোগর হয়ে রাণীশংকৈলে ঢুকেছে। পরে সড়কটি নেকমরদ ও বালিয়াডাঙ্গী হয়ে ঠাকুরগাঁও শহরে ঢুকেছে।২০১০-১১ অর্থবছরের মাঝামাঝিতে রাণীশংকৈল উপজেলার গোগর থেকে পীরগঞ্জ উপজেলার পারঘাটা পর্যন্ত সড়ক ও টাঙ্গন নদের ওপর পারঘাটায় সেতু নির্মাণের পর দিনাজপুর থেকে এ সীমান্ত সড়ক দিয়ে বোচাগঞ্জ, পীরগঞ্জ, রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী উপজেলায় যাতায়াতের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।পীরগঞ্জ উপজেলা সদর থেকে ১০ থেকে ২২ কিলোমিটার দূরবর্তী অবস্থানে হওয়ায় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কম উপস্থিতির কারণে এ সড়কসংলগ্ন চন্দরিয়া, রনসিয়া, বৈরচুনা বাজার, সিংহোর, রামনা চান্দোহর, আজলাবাদ, বাঁশতলী বাজার, পারঘাটা সেতুর উভয় পাশে মাদকদ্রব্যের কেনাবেচার অবাধ ক্ষেত্র গড়ে উঠেছে।এলাকাবাসী জানান, বিকেল থেকে রাত পর্যন্ত পূর্ণিয়া সড়কসংলগ্ন বাজারগুলোয় পীরগঞ্জ, রাণীশংকৈল, বোচাগঞ্জ ও দিনাজপুর থেকে মোটরসাইকেলে করে অপরিচিত তরুণদের আনাগোনা বেড়ে যায়। উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মকলেসুর রহমান বলেন, ‘এলাকায় যে হারে মাদকের ছড়াছড়ি দেখছি, একজন অভিভাবক হয়ে এ নিয়ে আমাকে সব সময় উদ্বিগ্ন থাকতে হয়।’ উত্তর বৈরচুনা গ্রামের মকশেদ আলী সরকার বলেন, ‘যে বৈরচুনায় মাদকের কথা একবারও শোনা যেত না, এখন প্রায়ই শুনি, ওমুকের ছেলে ফেনসিডিল খায়, ওমুককে পুলিশে ধরে নিয়ে গেছে।’বৈরচুনার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব চৌধুরী জানান, মাদক পাচার ও সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বৈরচুনায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য ইউপি থেকে গত ২১ জানুয়ারি জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর আবেদন করা হয়েছে।বৈরচুনা ইউনিয়নের দুজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, কয়েক মাস আগে কয়েকজন মাদকব্যবসায়ী মাদকসহ পুলিশের কাছে ধরা পড়েন। কিন্তু জামিনে এসে আবার এ ব্যবসা করছেন। গত মাসে আরেকজন মাদকব্যবসায়ী গ্রেপ্তার হলেও তাঁর স্ত্রী ও ভাই ব্যবসা চালিয়ে যাচ্ছেন।পীরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গত মার্চে চারজন গ্রেপ্তার ও ৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ছাড়া ২০১২ সালে ৬৫ জন মাদকাসক্ত ব্যক্তিকে ধরে আদালতে সোপর্দ করা হয়। ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি ও মার্চে উপজেলার কয়েকটি গ্রামে মাদকদ্রব্য সেবনের অপরাধে ২০ জনকে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র আপস নেই।