মাদক ছেড়ে আলোর পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ বন্ধুদের প্ররোচনায়, কেউবা কৌতূহলবশত, আবার কেউ স্বজনের সঙ্গে অভিমান করে মাদকাসক্ত হয়ে পড়েন। এমন ৪০ জন মাদকাসক্ত ব্যক্তি স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁরা মানিকগঞ্জ পুলিশ সুপারের কাছে আত্মসমর্পণ করেন। পুলিশ সুপার তাঁদের পুরস্কৃত করেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারি থেকে জেলার সাতটি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। এসব অভিযানে সাতটি থানায় মামলা দায়ের এবং কয়েক শ মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীকে গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে মাদক ব্যবসা ও সেবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসেন ওই ৪০ জন ব্যক্তি। তাঁরা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। গতকাল বিকেলে তাঁদের শুভেচ্ছা জানাতে জেলা পুলিশ লাইনস অডিটরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মাহফুজুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ারসহ স্বাভাবিক জীবনে ফিরে আসা কয়েকজন মাদক ব্যবসায়ী ও সেবনকারী।

অনুষ্ঠানে মাদকাসক্ত জীবনের বর্ণনা দিতে গিয়ে সাটুরিয়া উপজেলার দরগ্রাম গ্রামের আবুল হোসেন বলেন, মাদক সেবনের কারণে পরিবার ও সমাজ থেকে তিনি অনেক দূরে সরে গিয়েছিলেন। সন্তানেরাও তাঁকে ঘৃণা করত। সংসারে অভাব-অনটন ও অশান্তি লেগেই থাকত। ভুল বুঝতে পেরে মাদক ছেড়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।

পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, যাঁরা মাদক ছেড়েছেন, তাঁরা যোদ্ধা। কারণ, মনের সঙ্গে যুদ্ধ করে অন্ধকার জীবন থেকে তাঁরা আলোর পথে এসেছেন।

অনুষ্ঠান শেষে ৪০ জনের প্রত্যেকের হাতে একটি করে জায়নামাজ, টুপি, নামাজ শিক্ষার বই ও লুঙ্গি দেওয়া হয়। এ ছাড়া পুনর্বাসনের জন্য সিঙ্গাইর উপজেলার মোশারফ হোসেন নামের এক ব্যক্তিকে একটি রিকশা উপহার দেওয়া হয়। পরে তাঁদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।