মাদক ছেড়ে আসা তরুণদের মিলনমেলা

‘আর নেশা নয়, জীবনে এখনো অনেক পথ বাকি’ এমন স্লোগান নিয়ে কুয়াকাটা সৈকতে মাদক ছেড়ে আসা ব্যক্তিদের দুই দিনব্যাপী ‘রিকভারি মিলনমেলা’ শুরু হয়েছে। মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা শতাধিক যুবক এই মেলায় অংশ নিচ্ছেন।
মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসনকেন্দ্রের তত্ত্বাবধানে থেকে এসব মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পেয়েছেন। মিলনমেলায় অংশ নিয়ে এসব যুবক নতুন জীবনের অভিব্যক্তি ব্যক্ত করেন। নীল টি-শার্ট পরা এই যুবকেরা হাতে হাত রেখে বঙ্গোপসাগরের বিশাল জলরাশির ধারে মানববন্ধনে দাঁড়িয়ে সবাইকে জানিয়ে দেন মাদকের ভয়াবহতার কথা। এ সময় তাঁরা দীপ্ত কণ্ঠে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
বাংলাদেশ ড্রাগ অ্যাডিক্ট রিহ্যাবিলেটেশন সোসাইটি চতুর্থবারের মতো ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করে। আর এই আয়োজনে সার্বিক সহায়তা দিচ্ছে বরিশালের মাদক নিরাময়কেন্দ্র ‘হলিকেয়ার’।