মাদক ছেড়ে দেওয়ার আহ্বান
মাদক ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসা ব্যক্তিদের জন্য সমুদ্রসৈকত পটুয়াখালীর কুয়াকাটায় আয়োজিত দুই দিনের মেলা গতকাল শনিবার শেষ হয়েছে। মেলায় মাদকাসক্তদের মাদক ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ ড্রাগ অ্যাডিক্ট রিহ্যাবিলিটেশন সোসাইটি এই মেলার আয়োজন করে।
গত শুক্রবার সকালে এ মেলা শুরু হয়। এতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হওয়া শতাধিক ব্যক্তি অংশ নেন। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীরা কুয়াকাটা সৈকতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান। এরপর সৈকতে যাওয়ার প্রধান সড়কের দুই ধারের দোকান, ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মী, পর্যটক ও ভাড়ায়চালিত মোটরসাইকেল চালকদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক প্রচার চালানো হয়।
দুই দিনের কর্মসূচি শেষ করে কুয়াকাটা ছাড়ার আগে মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক ও হলিকেয়ার মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরাও একসময় মাদকাসক্ত হয়ে বিপথগামী হয়েছিলাম। যখন বুঝলাম এটা শুধু নিজকে ধ্বংস করছে না, পরিবার-সমাজকে ধ্বংস করে দিচ্ছে, তখন সে পথ থেকে বেরিয়ে এসেছি। তাই আজকে আমাদের আহ্বান থাকবে, যাঁরা মাদকাসক্ত, তাঁরা ইচ্ছা করলেই অন্ধকার এ পথটি থেকে বেরিয়ে আসতে পারেন।’