মাদক ছেড়ে ‘গোলাপ’
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিতলা ইউনিয়নের কুলপালা গ্রামকে ‘মাদকমুক্ত কুলপালা’ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে। গত রোববার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ভোলানাথ দে এই ঘোষণা দেন। অনুষ্ঠানে ৩৪ জন মাদকাসক্ত ব্যক্তি ভবিষ্যতে মাদক না নেওয়ার অঙ্গীকার করলে তাঁদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে অভিনন্দন জানানো হয়।‘মাদককে “না” বলুন’ স্লোগান সামনে রেখে কুলপালা ‘মাদকাসক্তি নির্মূল ও পুনর্বাসন কমিটি’ স্থানীয় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রোববার মাদকাসক্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার অনুষ্ঠানের আয়োজন করে। মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিক সাঈদ মাহবুব, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুস সালাম প্রমুখ।মাদক ছেড়ে দেওয়ার অঙ্গীকারকারী শান্তি আলম (৩০) প্রথম আলোকে বলেন, ‘আট বছর আগে যশোরে এক বন্ধুর কাছ থেকে হেরোইন সেবন শিখি। তারপর আর বন্ধ হয়নি। হেরোইন সেবন করতে গিয়ে আট বছরে মাঠের জায়গাজমি সব বিক্রি করে দিয়েছি। জীবনে আর কখনো নেশা করব না। যাঁরা নেশা করেন তাঁদের প্রতি অনুরোধ, আপনারা নিজেদের ভালো চাইলে নেশা থেকে ফিরে আসুন।’অনুষ্ঠানের অতিথিরা কুলপালা গ্রামে যাতে ভবিষ্যতে আর কেউ মাদক বিক্রি বা সেবন করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ এবং প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন। মাদক থেকে সরে আসা ব্যক্তি ও তাঁদের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তাঁরা।অনুষ্ঠানে মাদকাসক্ত, মাদকাসক্ত ব্যক্তিদের অভিভাবকসহ গ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার এক হাজার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শেষ প্রান্তে প্রধান অতিথি জেলা প্রশাসক ভোলানাথ দের সঙ্গে কণ্ঠ মিলিয়ে উপস্থিত সবাই একসঙ্গে মাদকে ‘না’ বলেন।